ব্রিজ বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশ




বিশ্বকাপে অংশগ্রহণই এক প্রকার রোমাঞ্চ, সেটি যে খেলাই হোক না কেন। আর তাই তো ব্রিজ বিশ্বকাপে অংশগ্রহণ বড় করেই দেখছে ব্রিজ ফেডারেশন। ফ্রান্সে অনুষ্ঠিত এবারের ব্রিজ বিশ্বকাপে ২২ দলের অন্যতম একদল বাংলাদেশ। বাছাইপর্বের বাধা পেরিয়ে প্রথমবারের মত সুযোগ মিলেছে বিশ্বকাপ খেলার।
গত এপ্রিলে দুবাইয়ে বাছাইপর্বে দক্ষিণ এশিয়ান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে (চতুর্থ জোন) ১২ দলের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। সেই সুবাদেই সুযোগ এসেছে বিশ্বকাপের মত মঞ্চে লড়াই করার। ছয় সদস্যের বাংলাদেশ দলে আছেন শাহ জিয়াউল হক, আসিফুর রহমান রাজীব, রাশেদুল ইসলাম নাঈম, কামরুজ্জামান সোহাগ ও সাজিদ ইস্পাহানি। প্রথমবারের মত সে সুযোগ পেয়ে উচ্ছসিত দলের অন্যতম খেলোয়াড় শাহ জিয়াউল হক, ‘দীর্ঘদিন ধরেই আমরা বাছাই খেলে আসছি। কিন্তু আগে কখনো কোয়ালিফাই করিনি। এবার চূড়ান্ত পর্বে সুযোগ পাওয়ার পর অন্য দলের খেলোয়াড়দের প্রতিক্রিয়া দেখেছি। ওরা আমাদের অনেক সমীহ করেছে। প্রথম বিশ্বকাপে খেলব, ভাবতেই ভালো লাগছে।’
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দলের সাথেই খেলা হবে বলে বাংলাদেশ সুযোগ পাবে ২১টি ম্যাচ খেলার। সেরা আটটি দল উঠবে দ্বিতীয় রাউন্ডে। প্রত্যাশার চাপ না নিয়ে অংশগ্রহণই মুখ্য বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ মুশফিকুর রহমান, ‘প্রথমবারের মতো আমরা বিশ্বকাপে খেলব। অন্তত দু-চারটি জয় পেলেই আমরা সন্তষ্ট।’ খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে কাল প্রত্যেকের হাতে এক লাখ করে টাকা তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।
উল্লেখ্য, চলতি মাসের ১২ থেকে ১৬ তারিখ ব্রিজ বিশ্বকাপের এবারের আসর বসবে ফ্রান্সের লিঁওতে।