সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায় নিয়ে সংসদে অনির্ধারিত আলোচনায় এই মামলায় এমিচি কিউরি এবং প্রধান বিচারপতিকে নিয়ে সমালোচনা করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইন প্রণেতারা।
রোববার জাতীয় সংসদের অধিবেশনে মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় প্রথমে আলোচনার সূত্রপাত করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সাংসদ মইন উদ্দিন খান বাদল। এরপর সরকারের একাধিক মন্ত্রী-সাংসদ, জাতীয় পার্টির সদস্যসহ মোট ১০ জন সাংসদ এ বিষয়ে বক্তৃতা করেন। তাঁরা সংবিধান প্রণেতাদের দুজন ড. কামাল হোসেন ও ব্যারিস্টার আমীর-উল ইসলামের এ বিষয়ে অবস্থানের কঠোর সমালোচনা করেন। সভা ও সেমিনারে কোনো কোনো বিচারপতির রাজনৈতিক বক্তৃতা করার অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে।
এর আগে, বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী তিন বছর আগে এই সংসদই পাস করেছিল। এরপর গত বছর হাই কোর্টের রায়ে ওই সংশোধনী অবৈধ ঘোষণা করা হলে ক্ষোভে ফেটে পড়েন সংসদ সদস্যরা। তখন আইনমন্ত্রী আনিসুল হক সংসদকে আশ্বস্ত করেছিলেন, এই রায় টিকবে না।
গত ৩ জুলাই আপিলের রায়ে হাই কোর্টের রায়ই বহাল রাখে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ। বিচারপতিদের অপসারণসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে জাতীয় সংসদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জ্যেষ্ঠ সাংসদেরা। তাঁদের কেউ কেউ এ রায় বৃহত্তর ষড়যন্ত্রের অংশ কি না তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
ওই রায়ের পর সংসদ অধিবেশন বসার প্রথম দিন রোববার মাগরিবের নামাজের বিরতির পর আলোচনার সূত্রপাত ঘটান জাসদের মইন উদ্দীন খান বাদল। আলোচনার মাঝপথে অধিবেশন কক্ষে উপস্থিত হন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আড়াই ঘণ্টা ধরে পয়েন্ট অব অর্ডারে আলোচনার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ বিষয়ে পরবর্তীতে নির্ধারিত আলোচনার ইঙ্গিত দেন।
