প্রাকৃতিক সৌন্দর্য আর তিব্বতীয় ঐতিহ্যের সুবাদে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে প্রতি বছর লক্ষাধিক পর্যটকের আগমন ঘটে। আগত পর্যটকদের ঘিরেই বেড়ে উঠেছে এখানকার জনজীবন। কিন্তু সম্প্রতি ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এখানকার পর্যটন খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
৩০ বছর বয়সী এক তিব্বতীয় ইয়াং সিডিং বলেন, ভূমিকম্পের পর বছরের বাকি সময়ে এখানে খুব বেশি পর্যটকের সমাগম হবে বলে মনে হয় না। পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় দু-তিন বছর লেগে যাবে। বেঁচে থাকার জন্য আমরা বেশির ভাগই পর্যটনের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করি। আমাদের অন্য কিছু করার সুযোগ নেই।’ সিচুয়ান প্রদেশের উত্তরে অবস্থিত জাতীয় উদ্যান জুঝাইগুয়ে একটি গেস্টহাউজ পরিচালনা করেন সিডিং। তিনি বলেন, ‘এ অঞ্চলে যখন পর্যটক আসা শুরু করল, আমাদের জীবনমান অনেকটাই উন্নত হয়েছে। তবে এখন মনে হচ্ছে, আমাদের অন্য কোথাও চলে যেতে হবে এবং চাকরি খুঁজতে হবে।’
মঙ্গলবার চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পার্বত্য অঞ্চলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে নিহত হন ২০ জন। এলাকাটি দুর্গম হওয়ার সুবাদে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কমই ছিল। কিন্তু অর্থনৈতিকভাবে ভূমিকম্পের চরম মাশুল গুনতে হচ্ছে জুঝাইগুকে। ইউনেস্কো কর্তৃৃক স্বীকৃত বিশ্বঐতিহ্যের অংশ জুঝাইগুর অধিকাংশেই তিব্বতীয় ও কিয়াইং নৃগোষ্ঠীর বসবাস, যাদের আয়ের উল্লেখযোগ্য অংশ আসে পর্যটকদের কাছ থেকে।
ভারী দূষণে আক্রান্ত চীনের হাতে গোনা যে ক’টি জায়গায় এখনো আদিম সৌন্দর্যের সন্ধান পাওয়া যাবে, তার মধ্যে অন্যতম জুঝাইগু। যদিও এলাকাটি অত্যান্ত দুর্গম, তা সত্ত্বেও প্রতিদিন এখানে ৪১ হাজার পর্যটকের সমাগম ঘটে। ২০১৭ সালের প্রথমার্ধ পর্যন্ত এখানে পর্যটক এসেছে ১৫ লাখ ৬০ হাজার জন।
