মনিরুজ্জামান নাহিদ
তোমাকে কবে প্রথম নিজ চোখে দেখেছি মনে নাই। তবুও কেন জানি সেই প্রথম থেকেই তোমাতে আমাতে কিসের যেন টান অনুভব করি, যদিও লোহিত বা শ্বেত কণিকার সম্পর্ক নেই তোমার সাথে। সমযোজী বন্ধনের মত তুমি আমার এত কাছে থাক তবুও আমার নেত্রদ্বয় তোমায় দেখতে ভালই পরিশ্রম করে। কি রূপ তোমার, যতই দেখি ততই মুগ্ধতায় পরিপূর্ণ হয় হৃদয়ের অলিন্দ-নিলয়। নিউরনগুলোর পারস্পারিক দূরত্ব কমে গিয়ে সমগ্র শরীর জুড়ে একবার করে দোলা দিয়ে যায় বিদ্যুতের ঝলকের মতন। তোমার রেশম কোমল শরীরে হাত বোলাতেই কেমন জানি প্রশান্তি অনুভব করি, আর ভাবি মহান প্রভু কি দিয়ে গড়েছেন তোমায়।
কিসে তোমার ভাল, কিসে তোমার মঙ্গল আর কিসেই বা তোমার সৌন্দর্য আরও খানিকটা প্রস্ফুটিত হবে এই ধরাতে সেই চিন্তাতেই কত সহস্র মুহূর্ত যে পার করেছি বা আরও কত করতে হবে আজ তা আমার জ্ঞানের ঊর্ধ্বে। আজকাল সময়েরও যে কি হল বড় বেশি তোমায় মনে করিয়ে দেয়। সময় পেলেই তাকিয়ে থাকি তোমার পানে অপলক দৃষ্টিতে যা তুমিও দেখতে পাও নিশ্চয়ই। তুমি আমার এত কাছে তবুও এক ন্যানো সেকেন্ডের জন্যও তোমার কাছ থেকে আলাদা থাকতে ইচ্ছা করেনা। এই মন চায় তোমায় বাহুডোরে পরম মমতায় আলিঙ্গন করে রাখি হার্টের খুব কাছে যেন তুমিও শুনতে পাও আমার সিস্টলিক ডায়াস্টলিক চাপের কত প্রখরতা তোমায় ঘিরে। কিন্তু কেন যেন সেই সাধ্য, ক্ষমতা বা সাহস যাই বলিনা কেন সেটা বোধহয় বিপরীত কারও চেয়ে অনেক কম আমার।
আমার মনে পরেনা কোন এক রাত কাটিয়েছি তোমায় ছাড়া আর যতটা সম্ভব ঠিক ততটাই কাছে নিয়ে ঘুমিয়েছি। যাতে করে এক মাইক্রোমিটার ফাঁকও না থাকে তোমাতে আমাতে। আজ বলতে দ্বিধা, সংকোচ বা লাজ কোনটাই আমার করেনা যে, তোমার বিরহে কত কাল পার করেছি, আর চোখের কোণে অ্যাকুয়াস হিউমারের কি মারাত্মক খেলাই না দেখেছি। এভাবে দেখতে দেখতে বসন্তের ডায়েরির একুশটি পাতা উল্টিয়ে ফেলেছি তোমায় সঙ্গী করে। আর যতদিন প্রাণ পাখিটা খাঁচায় আছে ততদিন তোমায় সায়রে নিয়েই বাঁচতে ইচ্ছা করে। কিন্তু পরক্ষণেই ভয় হয় কখনো যদি কোন হ্যারিকান,আইলা বা সাইক্লোনে চিরকালের মত হারিয়ে ফেলি। যেমন হারিয়েছিলেন গান্ধী, দালাইলামা বা ভ্লাদিমির পুতিন কাকুর মত বিশ্ব কাঁপানো নেতারাও। এমনকি বাদ যায়নি অর্থমন্ত্রী “মাল” আঙ্কেল বা আমার দাদুও। সবচেয়ে বেশি ভয় করে আমার দাদুর জন্য কারণ তিনি হারিয়েছিলেন অনেক আগে যা আমার হারানোর সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। আর সেই যন্ত্রণা আমাকে তাড়িত করে নিয়ে যায় তেপান্তরের মাঠের বড় তালগাছটাকে ছাপিয়ে। কারণ দাদুর সাথে আমার একটা জেনেটিক টান তো আছেই।
এই মাত্র মা পঞ্চাশ টাকা টেবিলের উপর রেখে গেল আর যা বলে গেল তা মানতে বড়ই কষ্ট হচ্ছে আমার। বুকের পাঁজরগুলো যেন প্রচন্ড চাপ দিচ্ছে আর ল্যারিংস ফ্যারিংস গুলোও চেপে গেছে যেন গলা দিয়ে কোন কথা না বেরোয় সেই ভয়ে। কারণ একটাই, বিচ্ছেদের ডাক চলে এসেছে। মাত্র পঞ্চাশ টাকার বিচ্ছেদ।
মানুষ গুলো কি পাষাণ রে বাবা, কিভাবে পারে সামান্য পঞ্চাশ টাকার জন্য তোমাতে আমাতে বিচ্ছেদ ঘটাতে। আবার বিচ্ছেদের জন্য সুসজ্জিত যন্ত্রসহ, এসি কর ঘরে দাড়িয়ে থাকার সাহসও দেখায় বিনা দ্বিধায়। আবার কিনা ঘরগুলোর নামও দেয় ‘অমুক হেয়ার ড্রেসার’ ‘তমুক সেলুন ও জেন্টস পার্লার’ ইত্যাদি। হ্যাঁ কোন উপায় নেই। চুলগুলো কেটেই ফেলতে হবে। হুম এখনি যাচ্ছি। হায়রে সাধের চুল।
