"বাহ্যিক সৌন্দর্যই কী মুখ্য?"




“কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা”
উল্লিখিত উক্তিটি সত্যেন্দ্রনাথ দত্ত-এর “মানুষ জাতি” কবিতার একটি লাইন।
বুঝতে অসুবিধা হয় না যে, প্রত্যেক মানুষের ভেতরের রক্তের রঙ একই।
একই সঙ্গে নিগূঢ়ভাবে এ কথাও সত্য যে, বাহ্যিক নয়, ভেতরের অন্তর্নিহিত সৌন্দর্যই আসল সৌন্দর্য।
কিন্তু সমাজে প্রেম, ভালোবাসা, বিয়ে এমনকি কর্মক্ষেত্রেও অধিকাংশ সময় নারীর বাহ্যিক সৌন্দর্যই সার্বিকভাবে প্রাধান্য পায়।
ছেলেবেলা থেকে টিনএজ কিশোরী বেড়ে ওঠে পুরুষতান্ত্রিক পরিবার ও সমাজের এই ধারণা নিয়ে যে – ফর্সা, আকর্ষণীয় ও নিখুঁত না হলে নারী মূল্যহীন, অচ্ছুত। একবিংশ শতাব্দীতেও সমাজে গায়ের রঙ ফর্সা হলেই সে মেয়েকে সুন্দরী হিসেবে অভিহিত করা হয়। তখন সে নারী এই ভাবনা নিয়ে বড় হয়, সে অন্য দশ জনের থেকে সম্পূর্ণ আলাদা। অহংকার বোধ জাগ্রত হয়।
অপরদিকে ফর্সা, শ্যামবর্ণ বা কালো সব নারীই চান নায়িকাদের মতো আকর্ষণীয় হতে। তাই সবদিক দিয়ে নিজেকে নিখুঁত আর আকর্ষণীয় করতে তার ভাবনার শেষ থাকে না এবং বেশিরভাগ নারী অর্থ ব্যয় করে হলেও, চান রূপ-লাবণ্যে সারাজীবন একই রকম থাকতে!
সমাজে একটু কালো, লম্বা, মোটা আর রোগাও নারীদের জন্য এক চরম বিড়ম্বনা। ব্যক্তি, সমাজ বা পরিবার কেউই একবারের জন্যও ভাবেন না যে, সৃষ্টিকর্তা প্রদত্ত বাহ্যিক অবয়বের এই ব্যাপারগুলোতে সেসব নারীর কী অপরাধ!
অন্যদিকে সামাজিকভাবে পুরুষের ক্ষেত্রে এসবের কোনো বাছবিচার নেই বললেই চলে! তবে আধুনিক যুগে অনেক পুরুষই নিজেকে আরো সুন্দর বা আকর্ষণীয় করতে নানা উপকরণ ব্যবহার করছেন। আয়নায় দাঁড়িয়ে অনেক পুরুষও নারীর মতো, নিজের চেহারা নিয়ে সন্তুষ্ট নন।
আমরা ভুলেই যাই, নারী কিংবা পুরুষ কেউই সার্বিক অবয়বে জন্মগতভাবে সম্পূর্ণভাবে নিখুঁত বা ত্রুটিহীন নয়। নারী বাহ্যিকভাবে ফর্সা আর ওকটু আকর্ষণীয় হলেই আমাদের ভাবনায় আর কিছু থাকেনা।
আবার পারিবারিক বিয়ের ক্ষেত্রে মুরুব্বীদের মুখে এমন কথা প্রায়ই শোনা যায়, ছেলেদের গায়ের রঙে কী যায় আসে! অথবা ছেলেদের আবার বয়স কী!!
সারাবিশ্বে গণমাধ্যমে নারীকে পণ্য হিসেবে বিবেচনায় নিয়েছে। এজন্য বিজ্ঞাপন থেকে শুরু করে সবকিছুতে নারীর প্রাধান্য। পুরুষবিষয়ক পণ্যের বিজ্ঞাপনেও নারী! এ যেন এক অপার বিস্ময়!
আয়নায় দাঁড়িয়ে প্রায় শতভাগ নারীই নিজ চেহারায় সন্তুষ্ট নন। তার কল্পনার একজনকে ভেবে তিনি ভাবেন, আমি কেন তার মতো নয়? আর যেসব নারী সমাজে চরম বিড়ম্বনার শিকার, মানে কালো, লম্বা, মোটা বা রোগা নারীরা নিজেকে আয়নায় দেখে ভাবেন, আমাকে কে বিয়ে করবে? আসলে পুরুষতান্ত্রিক পরিবার আর সমাজের ধারণা তার মনের গভীরে গেঁথে গেছে। সব মিলিয়ে কেউ কেউ নিজ শারীরিক অবয়বকে মনে মনে ঘৃণাও করেন।
সুস্বাস্থ্যে সৌন্দর্য নাকি রোগা, এই দুয়ের পার্থক্য নারীকে গভীরভাবে বুঝতে হবে। চামড়ায় ফাটা দাগ, চোখের নিচে কালি, ভ্রূ কম, পাতলা বা মোটা, ঠোঁট চিকন বা মোটা, নাক সুউচ্চ নাকি চ্যাপ্টা, যেকোনো বলিরেখা, জন্মদাগ – এসব কেন নারীর ত্রুটি বা অপরাধ হবে? শারীরিক গঠনসহ এমন নানা ধরনের সৃষ্টিকর্তা প্রদত্ত ব্যাপারগুলোকে অবজ্ঞা করা কী ঠিক?
নারীকে ভাবতে হবে যে, “বিশেষভাবে সুনির্দিষ্ট কিছু বিষয় তাকে অন্যের থেকে আলাদা আর স্বকীয়তা দেয়। আর এ কারণেই প্রত্যেক নারীর জন্য সুনির্দিষ্ট তো বটেই একাধিক পুরুষও তাকে একান্তভাবে পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে।”
নিখুঁত হওয়ার চিন্তা নিছকই কল্পচিন্তা মাত্র। চলচ্চিত্রে যে নায়িকাকে আমরা দেখি, তিনি বাস্তবে দেখতে মোটেও ততটা আকর্ষণীয় নন। তাকে শুটিংয়ের আগে দীর্ঘসময় ধরে সাজগোজ করানো হয়। তার চেহারা, চুল, ভ্রূ এবং অন্যান্য অবয়ব গঠনকে আকর্ষণীয় করতে ভিন্ন ভিন্ন অনেক মানুষ ব্যস্ত থাকেন। কোন পোশাক তাকে মানাবে এজন্যও দিনরাত পরিশ্রমের লোক নিযুক্ত।
তাকে দর্শক-আকর্ষণীয় করতে মুখাবয়েবে যত ধরনের প্রলেপ দেয়া হয়, আমাদের অনেকেরই খাবার টেবিলে ততটা উপকরণ থাকে না। এরপরও যদি আকর্ষণীয় করার দরকার হয়, তখন প্রযুক্তির সহায়তা নেয়া হয়। সবশেষে যাকে পর্দায় “নায়িকা” হিসেবে দেখি। নায়কের ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়।
একথা মনে করার কারণ নেই যে নারীকে সাজগোজে বারণ করা হচ্ছে। কিন্তু নারীকে একেবারে নিখুঁত এবং সব পুরুষের কাছেই নিজেকে আকর্ষণীয় করে তোলার দুঃশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত থাকতে হবে। শরীরের যত্ন নিতে হবে।
সুন্দর সুস্বাস্থ্য আর নিজেকে অন্যের কাছে উপস্থাপনের জন্য, সারাজীবন যেসব কাজ করে যেতে হবে – পরিমিত আহার, ঘুম, নিয়মিত ব্যায়াম। আর এই আত্মবিশ্বাস অর্জন করতে হবে যে, আমি যা তা-ই। এটাই স্বাভাবিক। আর এটাই সার্বিকভাবে সুন্দর।
মো. মাসুম হোসেন ভূঁইয়া
জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক, সময় সংবাদ
ইমেইল: masumlabib@gmail.com