তামিমের পেটে চারটে সেলাই




চট্রগ্রামে কন্ডিশনিং ক্যাম্প শেষ হয়েছে প্রস্তুতি ম্যাচ দিয়ে। সে ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালই করেছিলেন তামিম। তবে ২৯ রানে মাহমুদুল্লাহর সরাসরি থ্রো তে রান আউট হয়ে চরম হতাশায় একটি দুর্ঘটনাই ঘটিয়ে ফেললেন তামিম ইকবাল। ড্রেসিং রুমে যাওয়ার সময় ব্যাট দিয়ে বাড়ি দিলেন দরজার কাচে। কাচটা সামান্য ভাঙল। এরপর যা ঘটল তাতে বড় ধরনের অঘটনই ঘটতে পারত। তবে পেটে চারটে সেলাইকে কম অঘটনও বলা যায় না।
আউট হওয়ার পর মাঠ থেকে ফিরে ড্রেসিংরুমে ঢোকার জন্য কাচের দরজায় ধাক্কা দিতেই সেটি ঝনঝন করে ভেঙে পড়ে। ভারসাম্য হারিয়ে সেই কাচের ওপরই পড়ে যান তামিম। মাথায় হেলমেট আর পায়ে প্যাড থাকায় বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেও ভাঙা কাচের টুকরো পেটে ঢুকে গিয়ে বেশ রক্ত ঝরেছে তামিমের। তামিম জানান, ‘দরজাটা ধাক্কা দেওয়ামাত্র কাচ ভেঙে আমার গায়ের ওপর পড়ল। আমিও মাটিতে পড়ে গেলাম। আমার প্যাডগুলো দেখলে বুঝতে পারতেন কত ভয়ংকর ছিল সেটা। প্যাড না থাকলে এর চেয়েও খারাপ কিছুও হতে পারত।’
ভয়ংকর কিছু না ঘটলেও চারটি সেলাই পড়েছে তামিমের পেটে। পরের দুই দিন তিনি মাঠে যেতে পারেন নি। আজ-কালের মধ্যে সেলাই কাটা হলে পর্যবেক্ষনের পর বলা যাবে কবে থেকে তামিম অনুশীলনে যোগ দিতে পারবেন। তামিম বলেছেন, দুর্ঘটনা ঘটার পর অন্তত পাঁচ দিন তিনি কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। অস্ট্রেলিয়া সিরিজের আগেই তামিম সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।