এল ক্লাসিকো: রোনালদোর লাল কার্ড, মেসিদের হার




ক্যাম্প ন্যু’তে বার্সেলোনাকে ৩- ১ গোলে উড়িয়ে দিয়ে হারের বৃত্ত ভেঙেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
এল ক্লাসিকো উত্তাপ ছড়িয়েছে সেদিন। আক্রমণ-প্রতি আক্রমণ, খেলোয়াড়দের আক্রমণসুলভ মনোভাব সব কিছু ছাপিয়ে গেছে। একজন ফুটবলসমর্থকদের আর কি চাই? তবে নেইমারের অভাব পুরোপুরি উপলব্ধি করেছে মেসি-সুয়ারেজরা।
শুরু থেকেই দুই দল সমানে লড়তে থাকে। একদল আক্রমণে গেলে, পর মুহূর্তে আরেকদল কাঁপিয়ে দেয় প্রতিপক্ষের ডিফেন্স। এক দিকে মেসি-সুয়ারেজ-ইনিয়েস্তারা পরীক্ষা নেয় রামোস-মার্সেলোদের। অন্যদিকে পিকে-উমতিতিদের সামনে বেল-বেনজেমা-ইস্কো। নাভাস ও স্টেগানও আস্থার প্রতিদান দেয় প্রথম অর্ধে। এভাবেই গোল শূন্য ড্র নিয়ে দুই দল বিরতিতে যায়।
দ্বিতীয় অর্ধেও একই চিত্র। তবে প্রথম গোল আসে ৫০ মিনিটে। মার্সেলোর ক্রস ফিরিয়ে দিতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান পিকে। আত্মঘাতী গোলের সুবাদে লিড নেয় সফরকারীরা। এরপর গোল দিতে মরিয়া বার্সা একের পর এক আক্ৰমণ চালায়। ফল আসে ৭৮ মিনিটে। লুইস সুয়ারেজকে বাধা দিতে গিয়ে মাদ্রিদ গোলরক্ষক ফাউল করলে বিতর্কিত পেনাল্টি পায় স্বাগতিকদল। সেখান থেকে লিওনেল মেসি গোল করে দলকে এগিয়ে দেন।
তবে সেই সমতা বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। ৮০ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর দূরপাল্লার জোরালো শট স্টেগানকে বোকা বানালে ২-১ এ এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। জার্সি খুলে গোল উদযাপনের জন্য হলুদ কার্ড দেখেন সিআর সেভেন। এর ঠিক দুই মিনিট পর আরেকটি আক্রমণে রোনালদো উমতিতির সাথে সামান্য ধাক্কায় ডিবক্সে পড়ে গিয়ে পেনাল্টির আবেদন করে। কিন্তু রোনালদোর এই অভিনয়সুলভ আচরণ পছন্দ হয়নি রেফারির। ফলস্বরূপ দ্বিতীয় হলুদ কার্ড লাল কার্ডে পরিনত হলে মাঠ ছাড়তে হয় ক্রিস্টিয়ানো রোনালদোকে।
দশ জনের দলে পরিনত হলেও দমে যায়নি জিদানের দল। এদিকে বার্সেলোনার গোল দিতে মরিয়া ভাবের সুযোগ কাজে লাগিয়ে খেলা শেষ হওয়ার কিছু সময় আগে ৯০ মিনিটে এসেন্সিও’র জোরালো শট গোলপোস্টের ঠিকানায় গেলে ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী রিয়াল মাদ্রিদ।
দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে ১৬ তারিখ দিবাগত রাত তিনটায়। লাল কার্ড পাওয়ার কারনে রোনালদো খেলতে পারবে না সে ম্যাচ।  বার্সেলোনাকে জিততে হলে সে দিন অবশ্যই ইতিহাস গড়তে হবে।
উল্লেখ্য, লাল কার্ড পাওয়ার পর রেফারিকে ধাক্কা দেওয়ার কারণে কিছু ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন সি আর সেভেন।