লিওনার্দো দ্য ভিঞ্চি হবেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও




লেখক ওয়াল্টার আইজ্যাকসনের লেখা লিওনার্দো দ্য ভিঞ্চির জীবনীগ্রন্থ অবলম্বনে একটি ছবি নির্মাণকে কেন্দ্র করে হলিউডের দুই শক্তিশালী প্রতিষ্ঠান প্যারামাউন্ট ও ইউনিভার্সালের মধ্যকার দর কষাকষি বেশ জমে উঠেছিল। তবে এবার বোধহয় দুই প্রতিষ্ঠানের বিবদমান সে যুদ্ধের অবসান ঘটল। ভিঞ্চিকে নিয়ে ছবি নির্মাণের ব্যাপারে আইনগত অনুমতি পেল প্যারামাউন্ট। তবে সব আলোচনার কেন্দ্রবিন্দু এ মুহূর্তে যাকে নিয়ে, তিনি অভিনেতা লিওনার্দো ডি’ক্যাপ্রিও।
ডি’ক্যাপ্রিওই অভিনয় করতে যাচ্ছেন ১৫ শতকের কালজয়ী রেনেসাঁ শিল্পী ভিঞ্চির চরিত্রে। এর মাধ্যমে নবমবারের মতো বাস্তব কোনো চরিত্র রূপায়ণের জন্য নির্বাচিত হলেন লিওনার্দো ডি’ক্যাপ্রিও। সর্বশেষ জনপদ থেকে বিচ্ছিন্ন এক লড়াকু হিউ গ্লাস-এর চরিত্রে তিনি অভিনয় করেছিলেন ‘দ্য রেভেন্যান্ট’ সিনেমায়। বহুবার মনোনয়নের পর এই চরিত্রের জন্যই তিনি প্রথমবারের মতো সেরা অভিনেতার অস্কার জয় করেন।
‘দ্য গ্রেট গ্যাটসবি’ খ্যাত এই তারকা অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করবেন লিওনার্দো দ্য ভিঞ্চির বায়োপিকের।
এদিকে, লিওনার্দো দ্য ভিঞ্চির চরিত্রে অভিনয় করাকে মোটেও কাকতালীয় বলতে নারাজ ডি’ক্যাপ্রিওর মা। ভ্যারাইটিকে তিনি বলেছেন এ কথা। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, তিনি যখন ১৯৭৪ সালে ইতালির ফ্লোরেন্সে উফিিজ গ্যালারিতে দ্য ভিঞ্চির একটি শিল্পকর্ম পরীক্ষা করছিলেন, ঠিক তখনই তিনি নাকি সিদ্ধান্ত নেন তার ছেলের নামের সঙ্গে ভিঞ্চির নাম যুক্ত করবেন।
উল্লেখ্য, আইজ্যাকসনের লেখা স্টিভ জবসের জীবনী নিয়ে ২০১৫ সালে নির্মাতা ড্যানি বয়ল একই নামে ছবি নির্মাণ করেছিলেন। এছাড়া ‘আইনস্টাইন: হিজ লাইফ অ্যান্ড ইউনিভার্স’ নামে লেখা আইজ্যাকসনের বইটি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে প্রচারিত শো জিনিয়াসে চলচ্চিত্রায়ন করা হয়েছিল। এদিকে ‘লিওনার্দো দ্য ভিঞ্চি’ ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। চলতি বছরের অক্টোবরের ১৭ তারিখ এটি মুক্তি পাবে।