স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার বিপক্ষে দুর্দান্ত গোল, জিতল নিজের দল রিয়াল মাদ্রিদ। এরপরও স্বস্তিতে নেই ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন পর্তুগিজ এই ফুটবলার।
একটি গোল, জার্সি উঁচিয়ে উদযাপন। সান্তিয়াগো বার্নাব্যু’তে মেসির সেই ৫০০ তম গোল উদযাপনেরই যেন মধুর প্রতিশোধ। ফিফার নিয়ম অনুযায়ী জার্সি খুলে উদযাপনে পেতে হবে হলুদ কার্ড। তাই হলো। সি আর সেভেন দেখলেন প্রথম হলুদ কার্ড। এরপর যা হল, তার জন্য হয়ত তিনি প্রস্তুত ছিলেন না।
ক্যাম্প ন্যু’তে বার্সা বধের পর্ব চলছে। নিজের গোলের দুই মিনিট পর দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে বল নিয়ে আগাচ্ছিলেন। বার্সেলোনার রক্ষণ দুর্গ উমতিতির সাথে বল দখলের লড়াইয়ে ডি-বক্সের ভিতরে পড়ে যান এবং সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন করেন। কিন্তু তা রেফারির মনঃপুত হয় নি। ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রোনালদো।
লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে রেফারির পিঠে ধাক্কা মারেন, যা ফিফার নিয়ম বহির্ভুত। লাল কার্ড দেখার কারনে এক ম্যাচ, আর রেফারির সিদ্ধান্ত মেনে না নিয়ে খেলোয়াড়সুলভ আচরণ না করার জন্য আরো চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন চারবারের ফিফার বর্ষ সেরা খেলোয়াড়। সান্তিয়াগো বার্নাব্যু’তে সুপার কাপের দ্বিতীয় লেগ খেলতে পারবেন না তিনি।
নিষেধাজ্ঞার বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আপিল করতে পারবেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। এই নিষেধাজ্ঞা শুধু স্প্যানিশ লীগগুলোর জন্য। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা নেই তাঁর।
নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর লিগে রিয়াল বেতিসের বিপক্ষে ফিরতে পারবেন ক্রিস্টিয়ানো রোনালদো।
রোনালদোর নিষিদ্ধ হওয়া ম্যাচ গুলো :
১. ১৬ই আগস্ট বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপ ফাইনালের দ্বিতীয় লেগ
২. ২০ আগস্ট দেপোর্তিভো লা করুনার বিপক্ষে লা লীগায়
৩. ২৭ আগস্ট লা লীগায় ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে
৪. লা লীগায় লেভান্তের বিপক্ষে ৯ই সেপ্টেম্বর
৫. ১৭ই সেপ্টেম্বর রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে লা লীগায়
