জয়ের রথে ছুটছে এইচপি দল




বাংলাদেশ হাইপারফরম্যান্স দল কন্ডিশনিং ক্যাম্পের জন্য এখন অস্ট্রেলিয়ায়। সেখানে আঞ্চলিক দল নর্দার্ন টেরিটরি’র সাথে পাঁচ ম্যাচ সিরিজ আয়োজন করেছে বিসিবি। ৫ ম্যাচের এই সিরিজে  ইতিমধ্যে ৩-০ তে সিরিজ জয় নিশ্চিত করেছে বিসিবি এইচপি দল।
গতকাল (রোববার) সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামে লিটন-আনামুল-রনিরা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নর্দার্ন টেরিটরি’র দলপতি। কিন্তু সেই হিসেবকে ভুল প্রমাণ করে চালকের আসনে বসেন বাংলার তিন পেসার আবু হায়দার রনি, এবাদত হোসেন ও আবুল হাসান রাজু। তাদের বিধ্বংসী বোলিং তোপে নর্দার্ন টেরিটরি গুটিয়ে যায় ১৩৬ রানে।
রনি চারটি, রাজু ও এবাদত দুইটি করে উইকেট পান। ১৩৭ এর সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি অসুবিধায় পড়তে হয়নি তাদের। অধিনায়ক লিটন দাসের হার না মানা ৭২ রানের উপর ভর করে ২৬ ওভার আগে, ৯ উইকেট হাতে রেখেই জয় পায় বাংলাদেশ হাইপারফরম্যান্স দলটি। চতুর্থ ম্যাচের জয়ে সিরিজে ৪-০ তে এগিয়ে আছে তারা।