প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের কাছে অন্তত ৩১২ জন নিহত হয়েছে। গৃহহীন হয়েছে ২ হাজারের বেশি মানুষ। স্থানীয় অনেক বাসিন্দা নিহত ও নিখোঁজ প্রিয়জনের সন্ধানে মরিয়া হয়ে ছোটাছুটি করছে।
গতকাল সোমবার এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটি স্থানীয় গণমাধ্যম।
ফ্রিটাউন থেকে সংবাদদাতারা জানান, রাজধানীর পাশে দুটি পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে কাদামাটির স্রোতে অনেক মানুষের মরদেহ ভেসে যেতে ও বিধ্বস্ত বাড়িঘর তলিয়ে যেতে দেখা গেছে। সড়কগুলোও যেন পরিণত হয়েছে কাদামাটির আঁকাবাঁকা নদীতে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, রাজধানীর কাছে পাহাড়ি একটি এলাকার অংশবিশেষ আকস্মিক ভূমিধসে একেবারে মাটিতে মিশে গেছে। কিছু ছবিতে একজনের ওপর আরেকজনের লাশ স্তূপাকারে রাখতে ও আতঙ্কিত বাসিন্দাদের ছোটাছুটি করতে দেখা গেছে।
রেডক্রসের মুখপাত্র প্যাট্রিক মাসাকিউয়ি বলেন, এ পর্যন্ত ৩১২ জন নিহত হওয়ার কথা জানা গেলেও এই সংখ্যা বাড়তে পারে। দুর্যোগকবলিত এলাকায় তাঁরা নিহত ব্যক্তির সংখ্যা ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছেন।
ফ্রিটাউনের কনাট হাসপাতালের মর্গের কর্মী মোহাম্মদ সিনাহ বলেন, শুধু এ হাসপাতালেই তাঁরা ১৮০ জনের মরদেহ গ্রহণ করেছেন; যাদের মধ্যে অনেকে শিশু। হাসপাতালের মর্গ মরদেহে উপচে পড়ছে। অন্য হাসপাতালগুলোর মর্গও অনেকের মরদেহ গ্রহণ করেছে।
রাজধানী থেকে তোলা বিভিন্ন ছবিতে দেখা যায়, সড়কে গাঢ় কমলা রঙের কাদামাটির স্রোত বয়ে যাচ্ছে। কোমর ও বুকসমান এই স্রোত ঠেলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রাণপণ চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা।
জুবার পাহাড়ি এলাকার বাসিন্দা ফাতমাতা সেসেই নামের একজন নারী তাঁর অভিজ্ঞতা জানাচ্ছিলেন এভাবে, তাঁদের মাটির তৈরি ঘরটি ভোর সাড়ে চারটার দিকে পানিতে তলিয়ে যায়। পরে কোনোরকমে ঘরের ছাদে উঠতে সক্ষম হন তাঁরা। তিনি আরও বলেন, ‘আমরা সবকিছু হারিয়েছি। আমাদের এখন ঘুমানোর জন্য সামান্য জায়গাটুকু নেই।’
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ক্যান্ডি রজার্স বলেন, এ বিপর্যয়ে ২ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়েছে। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা দরকার।
