ক্রিকেটে সব থেকে মর্যাদার সংস্করণ টেস্ট ক্রিকেটে সর্বশেষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া মোকাবেলা করেছিলেন ২০০৬ সালে। সেবার ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে দাঁড়াতেই পারেনি সে সময়ের বাংলাদেশ। যদিও প্রথম টেস্টে আশা জাগানো এক দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাসার-আশরাফুল-মাশরাফিদের।
দীর্ঘ ১১ বছর পর আবার সাদা পোশাকে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। অনেক টানাপোড়েন, আশা নিরাশার পর অস্ট্রেলিয়া আসছে। দীর্ঘ সময় পর মুখোমুখি বলে ক্রিকেটপ্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ এই সিরিজ।
২০০৬ সালের সে সিরিজে বাংলাদেশ দলের সদস্যরা এক এক করে বিদায় নিয়েছে। সাবেকের কাতারে সবাই স্মৃতি রোমন্থন করে যাচ্ছে সে সিরিজের ক্ষণ। সেই সিরিজে খেলেছিল এবং এখনো খেলে যাচ্ছে, তার মধ্যে একমাত্র মাশরাফি বিন মর্তুজা-ই রয়েছে। খেলে যাচ্ছেন এখনও সমান প্রতাপে। যদিও সাদা পোশাকে আর নামা হয় না।
সেই মাশরাফি স্মৃতিতে ফিরে গেলেন সেই ২০০৬ এর দিনে, ‘আমি যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলাম, সেটা শুধু অস্ট্রেলিয়ার সবচেয়ে সেরা দলই না, টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ ছিলো। ম্যাথু হেইডেন, শেন ওয়ার্ন, জেসন গিলেস্পি, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, স্টিভ ওয়াহ — কে ছিলো না ঐ দলে?‘
এর পরের বছরই অস্ট্রেলিয়া দল জিতেছিল বিশ্বকাপ। অনেকের মতে সেটিই ছিল অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা দল। বিশ্বকাপের পর বেশিরভাগ ক্রিকেটারই অবসর গ্রহণ করেন। ফলে বর্তমান অস্ট্রেলিয়া দলের সাথে আগের সেই অস্ট্রেলিয়া দলের বিস্তর ফারাক চোখে পরে।
এই ফারাকটাই ধরতে হবে বাংলাদেশকে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘আগে আমরা যে দলের বিপক্ষে খেলেছিলাম তার চেয়ে বর্তমান দল অনেক ভিন্ন। তাই আমরা আমাদের সেরাটা ঢেলে দিলে অবশ্যই তাদের হারানো সম্ভব। আমরা যে মানসিকতা নিয়ে খেলছি, সেটা ধরে রাখতে হবে। অস্ট্রেলিয়ার হয়ে এবার যারা খেলতে আসছে, অনেকেই তাদের ততটা শক্তিশালী বলছে না। কিন্তু এই দলটিই ভারতে অনেক ভালো পারফর্ম করেছে, যদিও দুর্ভাগ্যবশত সিরিজ জিততে পারেনি। তাদের স্মিথ, হ্যান্ডসকম রয়েছে- এরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে ফেলতে পারে।’
ইঞ্জুরিতে আক্রান্ত হয়ে বারবার ছুরি-কাঁচির নিচে যাওয়া মাশরাফির আর সাদা পোশাকে নামা হয় না। অনুষ্ঠানিক ঘোষণা না দিলেও, অনেকের কাছেই মাশরাফি একজন সাবেক টেস্ট ক্রিকেটার। দেশের সেরা রত্নটার কোনো ক্ষতি না হয়, সে জন্যই পাঁচদিনের টেস্টের ছাড়পত্র দেওয়া হয় না বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ককে।
