অসুস্থ হয়ে লন্ডনে হাসপাতালে মেয়র আনিসুল




ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। এক মাস ধরে তিনি লন্ডনে অবস্থান করছেন। চার দিন আগে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর অবস্থা এখন আশঙ্কামুক্ত।
মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
অসুস্থতার বিষয়ে মেয়র আনিসুল হকের পরিবারের ঘনিষ্ঠ একজন জানান, বেশ কিছুদিন ধরেই মেয়রের মাথা ঘোরার সমস্যা দেখা যাচ্ছিল। কিছুক্ষণ খারাপ লাগার পর আবার ঠিক হয়ে যেত। ঢাকায় তিনি বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছিলেন। ঢাকার চিকিৎসরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিছুদিন আগে সিঙ্গাপুরে গেলে সেখানেও চিকিৎসকরা একই কথা বলেন। এবার লন্ডনে গিয়ে আবারও সমস্যা দেখা দিলে গত শুক্রবার তিনি হাসপাতালে যান। সেখানে পরীক্ষা চলার মধ্যে একবার সংজ্ঞা হারিয়ে ফেলেন। সেখানকার ডাক্তরারা দেখেছেন, উনার ব্রেইনে ব্লাড ভেসেলে ইনফ্লেমেশন আছে। এজন্য আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে।
এদিকে মেয়রের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান বলেন, লন্ডনের একটি হাসপাতালে আগে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। চার দিন আগে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকেরা তাঁকে পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। কথা বলতে নিষেধ করেছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। শিগগিরই দেশে ফিরবেন।