অসুস্থ বাবা দিলীপ কুমারের পাশে ছেলে শাহরুখ




অভিনয় জীবনের শুরু থেকেই অভিনেতা দিলীপ কুমারই শাহরুখের আইডল। যাঁর অভিনয় থেকে অনুপ্রেরণা, সেই প্রিয় মানুষটি আজ অসুস্থ। তাই দেরি না করে, তাঁরই সান্নিধ্যে কিছু সময় কাটিয়ে আসলেন শাহরুখ খান।
স্বাধীনতা দিবসের সন্ধ্যায় প্রবীণ অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন শাহরুখ। দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুও ছিলেন সেখানেই।
শাহরুখের অভিনয়েও বহু বার স্পষ্ট হয়েছে দিলীপ কুমারের অভিনয়ের ছাপ। বিশেষ করে ‘দেবদাস’ করার সময় সেই অভিনয় অনুপ্রেরণার প্রতিফলন দেখা গিয়েছিল।
অপরদিকে দিলীপ কুমারও শাহরুখকে এতটাই ভালবাসেন যে, তাঁকে বহু দিন আগেই ছেলে পাতিয়েছিলেন তিনি। প্রবীণ অভিনেতার স্ত্রী সায়রা বানু টুইটারে সাক্ষাতের ছবি পোস্ট করে সেকথাই জানিয়েছেন।
৯৪ বছরের এই অভিনেতা এমাসে প্রায় এক সপ্তাহ ধরে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন। ডিহাইড্রেশন এবং মূত্রনালীতে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি হন অভিনেতা। মেডিক্যাল টিম গঠন করে চিকিৎসা করা হয় তাঁর। শারীরিক উন্নতির জন্য ৯ অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান অভিনেতা।