স্প্যানিশ সুপার কাপে মেজাজ হারিয়ে রেফারিকে ধাক্কা দেওয়ার ঘটনায় পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর বিরুদ্ধে আপিলও করেছিলেন। কিন্তু সে আবেদন খারিজ করে দিয়েছে স্প্যানিশ আদালত। ফলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞাই থাকছে রোনালদোর ভাগ্যে।
গত ১২ই আগস্ট, ক্যাম্প ন্যু’তে বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের প্রথম লেগে দুইটি হলুদ কার্ডের সুবাদে লাল কার্ড দেখেন পর্তুগিজ সুপারস্টার। লাল কার্ড দেখে সামান্য মেজাজ হারান এবং রেফারিকে ধাক্কা দেন। ফলে, ফিফার নিয়ম অনুযায়ী অখেলোয়াড়সুলভ আচরণের জন্য পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি।
তার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদনও করেছিলেন। কিন্তু স্প্যানিশ আদালত তার সে আবেদন খারিজ করে দেন। ফলে বহাল থাকছে এই নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার ফলে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের দ্বিতীয় লেগসহ লা লীগার চারটি ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। অর্থাৎ সি আর সেভেনকে ছাড়াই ২০১৭-১৮ মৌসুমের লা লীগা শুরু করছে রিয়াল মাদ্রিদ।
উল্লেখ্য, গতকাল সান্তিয়াগো বার্নাব্যু’তে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ দিয়ে তার এ শাস্তি শুরু। লীগে ২০ সেপ্টেম্বর রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারবেন তিনি।
