প্রিয়াঙ্কার স্বাধীনতার শুভেচ্ছা তোপের মুখে




সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বাধীনতা দিবসের দিন তেরঙা স্কার্ফ জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় সমালোচনার মুখে পড়লেন তিনি। প্রশ্ন উঠল তাঁর পোশাক ও দেশপ্রেম নিয়ে।
গত ১৫ অগস্ট একটি টিশার্ট পরে, গলায় তেরঙা স্কার্ফ জড়িয়ে, ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করেন প্রিয়াঙ্কা। মার্কিন মুলুক থেকে তিনি ওই ভাবেই সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। এর পরই তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ারদের একটা অংশের তোপের মুখে পড়তে হয় প্রিয়াঙ্কাকে।
কেউ বলেন, ‘তুমি আর দেশে ফিরো না।’ কারও উষ্মা, ‘এমন একটা উপলক্ষের জন্য তোমার কি একটা শালোয়ার-কামিজও নেই।’ কেউ অনুযোগের সুরে বলেছেন, ‘এমন একটা দিনে, তোমার একটা শাড়ি পড়াই উচিত ছিল।’
শুধু পোশাক নয়, গলায় জড়ানো তেরঙ্গা স্কার্ফ নিয়েও সমালোচনার তির ছোটে তাঁর দিকে। বক্তব্য, এটা দেশের সম্মানের প্রশ্ন। তেরঙা মাফলার বা ওড়না যাই হোক না কেন, সেটা না পরেই হ্যাপি ইন্ডিপেন্ডস্ ডে বলতে পারতেন প্রিয়াঙ্কা। কেউ বলেছেন, ‘এই ধরনের আচরণ আমেরিকায় স্বাভাবিক হতে পারে, ভারতে নয়।’
কারও কটাক্ষ, পাবলিসিটির জন্য অন্য কিছু করতে পারতেন প্রিয়াঙ্কা। কেউ কেউ জোরালো দাবি তুলেছেন, জাতীয় পতাকাকে অসম্মান করেছেন প্রিয়াঙ্কা, ওঁকে ক্ষমা চাইতে হবে। যদিও ওয়েব দুনিয়ার একটা অংশের মত, প্রিয়াঙ্কার পরনে তেরঙা স্কার্ফ ছিল ঠিকই, কিন্তু তাতে অশোকচক্র ছিল না। ফলে কোনওভাবেই ওটা জাতীয় পতাকা নয়।
https://www.instagram.com/p/BXy7KVSAfp6/?taken-by=priyankachopra
এই প্রথম নয়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সময় হাঁটু পর্যন্ত ঝুলের পোশাক পরায় সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। সেটা মাস তিনেক আগের ঘটনা। ‘বেওয়াচ’ ছবির প্রচারে জার্মানির বার্লিনে ছিলেন নায়িকা। একই সময় বার্লিনে উপস্থিত মোদীর সঙ্গে তিনি দেখা করেন। সেখানেই পরা তাঁর পোশাক নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়। অনেকেই প্রিয়াঙ্কার পোশাক জ্ঞান নিয়েই প্রশ্ন তোলেন।
অনেকে বলেন, প্রিয়াঙ্কার পোশাক ভারতীয় সংস্কৃতির পরিপন্থী ছিল। সেই ঘটনার অনেক পর মুখ খোলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি জানান, সে দিন প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার প্রিয়াঙ্কার পোশাকে খারাপ কিছু দেখতে পাননি। এমনকি সাক্ষাতের পর পিএমও থেকেও নাকি তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানে নাকি বলা হয়েছে, প্রিয়াঙ্কার পোশাক নিয়ে প্রধানমন্ত্রী খারাপ কিছু মনে করেননি।
সেই ঘটনা নিয়ে প্রিয়াঙ্কা সরাসরি মুখ খোলেননি। তবে ঘুরিয়ে জবাব দিয়েছিলেন, খাটো পোশাক পরে নিজের মা-এর সঙ্গে তোলা ছবি পোস্ট করে। এ বারের বিতর্কে তিনি এখনও পর্যন্ত নিশ্চুপই আছেন।