জাপানের অর্থনীতিতে গতিসঞ্চার




একদিকে যুক্তরাষ্ট্রে রফতানি বেড়েছে, অন্যদিকে দুর্বল হয়ে পড়েছে ইয়েন। সব মিলিয়ে জুলাইসহ টানা আট মাস ধরে জাপানের রফতানি বাড়ছে উল্লেখযোগ্য হারে। গতকাল দেশটির অর্থ মন্ত্রণালয় প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, গত বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে রফতানি বেড়েছে ১৩ দশমিক ৪ শতাংশ। ফলে বছরের দ্বিতীয়ার্ধেও জাপানের অর্থনীতি শক্তিশালী অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।
ব্যাংক অব জাপানের (বিওজে) দেয়া পূর্বাভাসের সঙ্গে অর্থ মন্ত্রণালয় প্রকাশিত এ ফলাফলের পুরোপুরি সামঞ্জস্য রয়েছে। ভোক্তা ব্যয় বৃদ্ধি রফতানিনির্ভর পুনরুদ্ধারে বাড়তি গতি সঞ্চার করায় বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে গতিশীলতা বাড়ছে বলে জানিয়েছিল বিওজে। রফতানির পাশাপাশি আমদানিও বাড়ছে জাপানে। চীন থেকে ব্যক্তিগত কম্পিউটার ও ডিজিটাল ক্যামেরার আমদানি বেড়ে যাওয়ায় টানা সাত মাস ধরে আমদানিতে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। তবে আমদানি বাড়তে থাকার সুবাদে স্থানীয় ভোক্তা ব্যয় যে বাড়ছে তা স্পষ্ট।
নরিনচুকিন রিসার্চ ইনস্টিটিউটের প্রধান অর্থনীতিবিদ তাকেশি মিনামি বলেন, ‘পরিমাণগত দিক থেকে রফতানি যে খুব বেশি বেড়েছে তা নয়, বরং ধীরে ধীরে তা পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে আমদানির যে তথ্য আমরা পাচ্ছি, তাতে স্থানীয় চাহিদা বাড়ার আভাস পাওয়া যাচ্ছে। স্থানীয় চাহিদা বাড়ছে এবং জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধারেও তা ভূমিকা রাখবে।’
গত বছরের একই সময়ের তুলনায় জুলাইয়ে যুক্তরাষ্ট্রে রফতানি বেড়েছে ১১ দশমিক ৫ শতাংশ। গত ছয় মাস ধরেই দেশটিতে রফতানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। ফলে এক বছর আগের তুলনায় যুক্তরাষ্ট্রে জাপানের বাণিজ্য উদ্বৃত্ত ৯ দশমিক ১ শতাংশ বেড়ে ৬৪ হাজার ৭০০ কোটি ইয়েনে দাঁড়িয়েছে। এছাড়া গত বছরের তুলনায় জুলাইয়ে দেশটিতে আমদানি বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ; জুনে যা ছিল ১৫ দশমিক ৫ শতাংশের ঘরে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়ার দেশগুলোতেও জাপানের রফতানি বেড়েছে। এক বছর আগের তুলনায় জুলাইয়ে এশিয়ার দেশগুলোয় রফতানি বেড়েছে ১৪ দশমিক ৮ শতাংশ। আর এককভাবে চীনেই রফতানি বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। টানা নয় মাস ধরেই চীনে রফতানি বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।
এদিকে জুলাইয়ে জাপানের ম্যানুফ্যাকচারিং কার্যক্রম বেড়েছে শ্লথগতিতে। একই অবস্থা চলছে টানা আট মাস ধরে। চলতি মাসের শুরুর দিকে একটি বেসরকারি জরিপে বলা হয়, রফতানি চাহিদা কমে যাওয়ায় ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি হচ্ছে ধীরগতিতে। উল্লেখ্য, ভোক্তা ও কোম্পানির ব্যয় বেড়ে যাওয়ার সুবাদে গত দুই বছরেরও বেশি সময় পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জাপান অর্থনীতি সম্প্রসারিত হয়েছে দ্রুততম গতিতে। ফলে অনেকটা সময় পর জাপানে স্থানীয় চাহিদা বাড়ছে তা সুস্পষ্ট।