দুই দশক আগেরথাইল্যান্ডের স্থানীয় মুদ্রা বাথের পতনের সূত্র ধরে এশিয়ায় আর্থিক সংকট শুরু হয়। এতে আসিয়ানভুক্ত দেশগুলোর জিডিপির অনুপাতে বিদেশী ঋণের হার বেড়ে দাঁড়ায় ১৬৭ শতাংশ। শুধু তাই নয়, এশিয়ার অন্য দেশগুলোর মুদ্রা ও শেয়ারবাজারে ধস নামে। বিভিন্ন দেশের সরকার আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, লাখো মানুষকে দারিদ্র্য বরণ করতে হয়।
তবে বর্তমানে ১৯৯৭ সালের সেই দুর্যোগ থেকে ঘুরে দাঁড়িয়েছে এ অঞ্চল। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এশিয়া এখন এতই পোক্ত হয়ে উঠেছে যে, যেকোনো আর্থিক সংকট খুব সহজেই সামলে নিতে পারবে তারা।
বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো এত দিন অর্থনীতিতে অর্থের সহজ জোগান দিতে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চালিয়ে আসছিল। সম্প্রতি অনেক ব্যাংকই এসব প্রণোদনা বন্ধ করতে উদ্যোগী হয়েছে। এ ধরনের পদক্ষেপের কারণে উদীয়মান বাজারগুলো থেকে তারল্য বেরিয়ে যাবে, মুদ্রার মানে চাপ পড়বে ও ডলারে নেয়া ঋণের সুদহার বেড়ে যাবে।
২০ বছর আগে মূলত এসব কারণেই ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের মতো এশিয়ার দেশগুলোকে নিয়ে গোটা এশিয়ায় আর্থিক সংকট শুরু হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। এশিয়া অঞ্চল এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। মুদ্রার রিজার্ভ থেকে শুরু করে উদ্বৃত্ত, জিডিপি, অন্য দেশ থেকে নেয়া ঋণ, জনসংখ্যা সবদিক থেকেই অনুকূল অবস্থানে রয়েছে এশিয়া।
এশিয়ার ভাণ্ডারে বর্তমানে ৬ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ রিজার্ভ রয়েছে; যা পুরো বিশ্বে রিজার্ভকৃত মুদ্রার অর্ধেক। এর মধ্যে চীনের হাতেই রয়েছে ৩ ট্রিলিয়ন ডলারের রিজার্ভ। ১৯৯৬ সালে এশিয়ায় রিজার্ভের পরিমাণ ছিল ১ ট্রিলিয়ন ডলারেরও কম। এর ফলে জর্জ সরোসের মতো ফটকা বিনিয়োগকারীদের দৌরাত্ম্য খুব একটা ভালোভাবে সামাল দিতে পারত না কেন্দ্রীয়ব্যাংকগুলো। এছাড়া এশিয়ার বেশির ভাগ মুদ্রার বিনিময় হার এখন পরিবর্তনশীল অর্থাত্ নির্দিষ্ট কোনো মানে সীমাবদ্ধ নয়। ফলে মুদ্রার মান একটি বিশেষ মাত্রায় ধরে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ অনেকটাই কমে গেছে।
এ অঞ্চলের দেশগুলো চলতি হিসাবে উদ্বৃত্তের দিক থেকেও স্থিতিশীল অবস্থায় রয়েছে; যেকোনো আর্থিক ধাক্কা নির্বিঘ্নে সামাল দিতে পারবে তারা। জিডিপির দিক থেকেও ভালো সময় পার করছে এ অঞ্চল। ফিলিপাইন, ভারত ও চীনের মতো দেশগুলো আবারো বিশ্বের দ্রুত বর্ধনশীল দেশের কাতারে স্থান করে নিয়েছে। এসব দেশের অর্থনীতি বছরে ৬ শতাংশের বেশি সম্প্রসারিত হচ্ছে। অর্থনীতির দিক থেকে শক্তিশালী হওয়ায় এশিয়ার বেশির ভাগ দেশ এখন অন্য দেশ থেকে নেয়া ঋণের বোঝা কমানোর উদ্যোগ নিয়েছে। ডলারের ঊর্ধ্বগতির কারণে গৃহীত ঋণের সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনায় এ ঋণের বোঝা দ্রুত কমিয়ে ফেলতে চাইছে তারা। কারণ আর্থিক সংকটের সময় স্থানীয় মুদ্রার মান কমে যাওয়ার কারণে ডলারে নেয়া ঋণ পরিশোধ প্রায় অসম্ভব হয়ে পড়ে এশিয়ার দেশগুলোর জন্য। সে সময় অনেক কোম্পানি দেউলিয়া হয়ে যায় এবং থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো টিকে থাকতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে অর্থসহায়তা নিতে বাধ্য হয়েছিল।
এছাড়া এশিয়ার দেশগুলো নিজেদের আরো স্বাবলম্বী করে তুলতে অর্থনীতিকে রফতানি নির্ভরশীলতা থেকে ভোক্তা ব্যয় নির্ভর করে তুলছে। এছাড়া ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মতো দেশে বর্ধনশীল তরুণ জনসংখ্যাও এশিয়ার জন্য আশীর্বাদ। কারণ এই তরুণদের কর্মসংস্থানের সুযোগ করে দিলে মধ্যবিত্ত শ্রেণীর আরো উত্থান ঘটবে। ফলে এ অঞ্চলে ভোগ ব্যয় বাড়বে, যা অর্থনীতিকে আরো চাঙ্গা করে তুলবে।
আন্তর্জাতিক বিনিয়োগকারীরা চলতি বছর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের বন্ড ও শেয়ারবাজারে সাড়ে ৪ হাজার কোটি ডলারের মতো বিনিয়োগ করেছে। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আবারো জনপ্রিয় হয়ে উঠেছে এ অঞ্চল। বিশ্লেষকরা বলছেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ফিলিপাইনের মুদ্রাগুলো আগামী বছরের শেষ নাগাদ বিশ্বের সেরা মুদ্রার কাতারে জায়গা করে নেবে।
এ বিষয়ে টোকিওতে সিবিআই সিকিউরিটিজের সাধারণ ব্যবস্থাপক সোতমো সুমা বলেন, “অভিজ্ঞতা নিয়ে বহুদূর যেতে পারবে এশিয়া। আর্থিক সংকটে চরম মাশুল গুনতে হলেও দ্রুত তা সামলে নিয়েছে এ অঞ্চল।”
