সুদের হার বৃদ্ধি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকদের দ্বিধাবিভক্তির খবরে গতকাল টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। এদিন প্যালাডিয়ামের দামও ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়।
গত ২৫-২৬ জুলাই অনুষ্ঠিত ফেডের নীতিনির্ধারণী বৈঠকে অংশগ্রহণকারীদের কয়েকজন মূল্যস্ফীতির গতি স্পষ্ট না হওয়া পর্যন্ত সুদের হার বৃদ্ধি আপাতত স্থগিত রাখার ব্যাপারে মত প্রকাশ করেন। গত বুধবার প্রকাশিত এই বৈঠক সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সুদহার বৃদ্ধি স্বর্ণের বাজারে সরাসরি প্রভাব বিস্তার করে থাকে। কারণ সুদহার বাড়ালে ডলারের অবস্থান শক্তিশালী হয়ে ওঠে। এতে স্বর্ণের চাহিদা কমে। ফেডের বৈঠকের খবর প্রকাশের জেরে ডলার ও বন্ডের বাজার নিম্নমুখী হয়ে পড়লে পরবর্তীতে ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে সক্ষম হয়।
স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়েছে। এদিন আউন্সপ্রতি ১ হাজার ২৮৬ দশমিক ৯৯ ডলারে লেনদেন হয়। এর আগের দিন পণ্যটির দাম দশমিক ৯ শতাংশ বেড়েছিল। অগ্রিম চুক্তির বাজারে ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে স্বর্ণের দাম দশমিক ৮ শতাংশ বেড়েছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ২৯২ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যবসা-সংক্রান্ত দুটি পরামর্শক কাউন্সিল ভেঙে দেয়ার সিদ্ধান্ত স্বর্ণের বাজারকে ঊর্ধ্বমুখী করেছে বলে মনে করছেন কমার্জব্যাংকের বিশ্লেষক কার্স্বেন ফ্রিটচ।
ভার্জিনিয়ার শার্লটসভিলে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে হামলা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরূপ মন্তব্যের প্রতিবাদে কাউন্সিলের সদস্যরা পদত্যাগ করতে শুরু করেন। এ কারণে কাউন্সিল দুটি ভেঙে দেন ডোনাল্ড ট্রাম্প।
ফ্রিটচ জানান, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে সাম্প্রতিক উত্তেজনা বিনিয়োগের জন্য নিরাপদ বলে পরিচিত পণ্যের বাজারে জ্বালানির জোগান দিচ্ছে।
এক বিবৃতিতে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের বিশ্লেষকরা বলেন, ফেডের নমনীয় অবস্থান ও ঝুঁকিপূর্ণ পরিবেশে স্বর্ণের দাম আউন্সপ্রতি ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
তবে ফ্রিটচের মতে, ১ হাজার ২৯৫ ডলার পেরোতেই স্বর্ণকে যথেষ্ট বেগ পেতে হবে। কেননা চলতি বছরের মধ্যেই পণ্যটির দাম তিনবার কমেছে।
এদিকে শিল্পখাতে চাহিদা বাড়ায় প্যালাডিয়ামের দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ৯২০ ডলারে স্থির হয়। এদিন পণ্যটির দাম ৯২৭ দশমিক ৮০ ডলারে পৌঁছে যায়, যা ২০০১ সালের পর থেকে সর্বোচ্চ।
রুপার দাম তেমন বাড়েনি। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৭ দশমিক শূন্য ৮ ডলারে লেনদেন হয়। তবে প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৭৫ দশমিক ৪০ ডলারে লেনদেন হয়।
