অপেক্ষার প্রহর শেষ হচ্ছে নাসির হোসেনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে কপাল পুড়ছে মাহমুদুল্লাহ ও মমিনুলের। নাসিরের সাথে দলে ফিরছেন পেসার শফিউল ইসলাম।
গত মার্চে শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মমিনুল হক। তাদের ছাড়াই জিতেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ ড্র এর কীর্তি গড়েছিল মুশফিক বাহিনী। তাই কিছুটা অনুমিতই ছিল মাহমুদুল্লাহকে টেস্ট দলে রাখা হচ্ছে না। তবে মমিনুল চট্রগ্রামের প্রস্তুতি ম্যাচে অর্ধশতক করে নিজের অবস্থান শক্ত করলেও, তাকে রাখা হয়নি আসন্ন সিরিজের দলে।
নাসিরের ফেরাটা নিশ্চিত ছিল। ঘরোয়া লীগে দুর্দান্ত পারফরম্যান্সের ভিত্তিতেই এই সুযোগ পেয়েছেন তিনি। সাথে চট্রগ্রামের প্রস্তুতি ম্যাচের অন্যতম পারফরম্যান্স তো ছিল। সেই চট্রগ্রামের প্রস্তুতি ম্যাচের আরেক কান্ডারী শফিউল ইসলামেরও ডাক পড়েছে ১৪ সদস্যের দলে।
প্রস্তুতি ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। বছরের শুরুতে নিউজিল্যান্ড সিরিজে চোটের কারনে বাদ পড়েছিলেন। শ্রীলঙ্কা সিরিজে ইঞ্জুরির কারনে বাদ পড়া লিটন দাসও আছেন স্কোয়াডে।
বাংলাদেশ দল :
মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, লিটন দাস, সাব্বির রহমান।
