টাইফুন 'হাতো'র তাণ্ডবে বিপর্যস্থ হংকং




আজ বুধবার এই টাইফুনের আঘাতে অন্তত ৩৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গনমাধ্যম।
সকালে হাতো আঘাত হানার আগেই বাণিজ্য নগরী হংকংয়ের শুরু হয় প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টি। বাতাসের তোড়ে অনেক গাছ সমূলে উপড়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগের রাতেই সাড়ে চারশর বেশি ফ্লাইট বাতিল করা হয়। ছুটি ঘোষণা করা হয় স্থানীয় সব স্কুলে। পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমও অচল হয়ে যায়।
ঘূর্ণিঝড় আঘাত হানার আগে এর কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ২০১২ সালের পর হংকংয়ে এটিই সর্বোচ্চ মাত্রার প্রথম টাইফুন।
হংকং নগরীর পশ্চিমের ল্যান্টাও দ্বীপের বাসিন্দা গ্যারেট কুইগলেই বলেন, ‘আমি এমন ঝড় আগে কখনও দেখিনি। গাড়িগুলো অর্ধেক ডুবে আছে, পানি জমে রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রচুর গাছ পড়ে রয়েছে, এটা তাণ্ডব।’
টাইফুন হাতো আঘাত হানার আগে বাতাসের বেগ বাড়তে থাকার পাশাপাশি ভারি বৃষ্টিপাত শুরু হলে রাস্তাঘাট জনশূন্য হয়ে যায়। মানুষ ঘর থেকে বের না হওয়ায় হংকংয়ের প্রাণকেন্দ্রের অসংখ্য বহুতল বাণিজ্যিক ভবন জনশূন্য হয়ে পড়ে।
হংকংয়ের ভিক্টোরিয়া হার্বারে প্রবল বেগে পানি আছড়ে পড়তে দেখা গেছে। জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিতও হয়েছে।