উত্তর কোরিয়ার সঙ্গে চীনের বাণিজ্য কমেছে। দেখা গেছে, চলতি বছরের জুলাইয়ে পূর্ববর্তী মাসের তুলনায় দুই দেশের মধ্যে ব্যবসা অনেকটাই শ্লথ হয়ে পড়েছে। মূলত পিয়ংইয়ং থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ার পর চীনের সঙ্গে দেশটির বাণিজ্য কমে এসেছে। উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের পরিপ্রেক্ষিতেই চীন কয়লা আমদানি বন্ধ করে দেয়।
চীনের শুল্ক বিভাগ জানিয়েছে, জুলাইয়ে উত্তর কোরিয়া থেকে ৪৫ কোটি ৬১ লাখ ৬০ হাজার ডলারের পণ্য আমদানি ও রফতানি করেছে চীন; যা জুনের ৪৮ কোটি ৯০ লাখ ডলারের তুলনায় কম। এ তথ্যের মাধ্যমে বোঝা যাচ্ছে, ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়া থেকে কয়লা আমদানি বন্ধে চীনের নেয়া পদক্ষেপের কারণে উত্তর কোরিয়ার জন্য ডলার সংগ্রহের পথ অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। উত্তর কোরিয়া থেকে চীন জুলাইয়ে ১৫ কোটি ৬৩ লাখ ডলারের পণ্য আমদানি করেছে। গত মাসের তুলনায় যা ৩ শতাংশ কম। শুধু তাই নয়, এক বছরের মধ্যে এটি আমদানিতে তৃতীয় পতন। এছাড়া জানুয়ারি-জুলাই এ সময়ের মধ্যে পণ্য আমদানি ১৬ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০৪ কোটি ডলার।
শুল্ক বিভাগের দেয়া তথ্যে আরো দেখা গেছে, জুলাইয়ে উত্তর কোরিয়ায় ২৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ডলার মূল্যমানের পণ্য রফতানি করেছে চীন। এর আগের মাসে যা ছিল ৩২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। মাস হিসেবে কমলেও বার্ষিকভিত্তিতে উত্তর কোরিয়ায় চীনের রফতানি বেড়ে ১৯৭ কোটি ডলারে পৌঁছেছে।
চলতি মাসের শুরুর দিকে (আগস্ট ৬) জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের সদস্যরা সর্বসম্মতভাবে উত্তর কোরিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ভোট দেয়। যার ধারাবাহিকতায় দেশটির কয়লা, লোহা, আকরিক, সিসা ও সামুদ্রিক খাবার রফতানির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এ পদক্ষেপের ফলে ৩০০ কোটি ডলার রফতানি রাজস্বের এক-তৃতীয়াংশ হারানোর ঝুঁকিতে রয়েছে পিয়ংইয়ং। গত সপ্তাহে বেইজিংয়ের পক্ষ থেকেও এ নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেয়া হয়।
