আফ্রিকা ভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারাম নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলার কাজে ৮৩’র বেশি শিশু-কিশোরকে ব্যবহার করেছে। এদের বেশির ভাগই মেয়ে শিশু-কিশোর।
গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
প্রতিবেদনে বলা হয়, গত বছরের পুরো সময়ের তুলনায় চলতি বছরের আগস্ট পর্যন্ত শিশুদের আত্মঘাতী কাজে ব্যবহারের এই তৎপরতা চার গুণ বেড়েছে। ইউনিসেফ জানায়, এদের মধ্যে ৫৫টি মেয়ে এবং ২৭টি ছেলে শিশু রয়েছে। ব্যবহৃত এসব শিশুর প্রত্যেকের বয়স ১৫ বছরের নিচে।
সংস্থাটির শিশু নিরাপত্তাবিষয়ক কমিটির প্রধান মিলেন কিডেন বলেন, ‘আমরা মনে করি, নারী ও শিশুদের জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে বোকো হারাম সমাজে অস্থিরতা সৃষ্টি করতে চাইছে।’
নাইজেরিয়ার মানবাধিকারকর্মী হাফসা মোহাম্মদ বলেন, ‘জঙ্গিগোষ্ঠীটির শিশুদের আত্মঘাতী হিসেবে ব্যবহার করার যে তথ্য জাতিসংঘ দিচ্ছে তা আসল সংখ্যার তুলনায় অনেক কম। নাইজেরিয়ায় বর্তমানে সহিংসতার মাত্রা এমন অবস্থায় পৌঁছেছে, যেখানে নিরাপত্তাকর্মীদের দৃষ্টিকে ফাঁকি দিয়ে হামলা চালানোর সহজ কৌশল হচ্ছে এই শিশু ব্যবহারের ঘটনা।’
