বন্যা দুর্গত এলাকায় খাদ্য নিশ্চিত করা হবে




নতুন ফসল ঘরে না ওঠা পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় খাদ্য সরবরাহে সরকারের সবধরনের প্রস্তুতি রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ইতোমধ্যেই বন্যার্ত কৃষকদের প্রণোদনা দেয়া শুরু হয়েছে।
আজ সকালে বন্যা কবলিত গাইবান্ধার গোবিন্দগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বন্যায় নষ্ট হওয়া ফসলি জমিতে অন্য ফসল উৎপাদনে সার-বীজ সরবরাহ করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। দুর্গত মানুষদের ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন- যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রুখে দিতে হবে। এ বছর অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বেশক’টি জেলা। বন্যার পানির তোড়ে ধ্বংসের এক জনপদের নাম উত্তরের জেলা গাইবান্ধা। জেলার ৭ উপজেলার প্রায় শতভাগই বানের পানিতে ক্ষতিগ্রস্ত। সরকারি হিসেবে প্রায় ছয় লাখ মানুষ বন্যা দুর্গত, আর ফসলি জমি পানিতে তলিয়েছে প্রায় ২৭ হাজার হেক্টরেরও বেশি।
জেলায় ক্ষতির শিকার কৃষক ও বন্যার্ত ৩ হাজার মানুষের হাতে তুলে দেয়া হয় ত্রাণ ও ধানের চারা। সরকার প্রধানের হাত থেকে ত্রাণ আর সমবেদনা পেয়ে কিছুটা হলেও লাঘব হলো বানভাসিদের হাহাকার।
এ সময় প্রধানমন্ত্রী বলেন- ‘পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে যাতে আবাদি জমি প্রস্তত করা যায় সেজন্য কৃষকদের প্রণোদনা দেয়া শুরু হয়েছে। কৃষি ঋণ অব্যাহত থাকলেও, ঋণের সুদ উত্তোলন বন্ধ থাকবে দুর্গত এলাকায়। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রুখে দিন। আওয়ামী লীগ পাশে থাকবে।’
এরপর প্রধানমন্ত্রী উত্তরের আর এক বন্যা কবলিত জেলা বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন। সেখানকার সারিয়াকান্দি উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ ও ধানের চারা বিতরণ করবেন তিনি।