হজ্জযাত্রীদের জন্য সৌদি আরব যাওয়ার সময় আরো দুইদিন বাড়ানো হয়েছে। ব্যবস্থা করা হয়েছে আরো ১০টি ফ্লাইটের। একথা জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন।
আজ শনিবার দুপুরে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে সাংবাদিকদের একথা জানান তিনি।
এদিকে, আনুষ্ঠানিক শিডিউল অনুযায়ী এখনো সৌদি আরবে যেতে পারেননি ৯ হাজার ৮৬১ জন যাত্রী। সীমাহীন দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে সময় কাটানো এসব হজ্জযাত্রীদের অভিযোগ, অনেক হজ এজেন্সি ভিসা-পাসপোর্ট দিলেও এখনো পর্যন্ত বিমানের টিকিট দেয়নি।
বিমানের টিকিটের জন্য হজ্জ এজেন্সিগুলো অতিরিক্ত টাকা দাবি করছে বলেও অভিযোগ করেন তারা। হজ্জযাত্রার ৩৪তম দিনে আজ বাংলাদেশ বিমানের ৯টি ও সৌদি এয়ারলাইন্সের ২টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার জন্য নির্দিষ্ট রয়েছে।
ইতোমধ্যে বিমানের ৩টি ও সৌদি এয়ারলাইন্সের ১টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এখন পর্যন্ত হজ্জে গেছেন ১ লাখ ১৬ হাজার ৩৮৬ যাত্রী।
