চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে সচেষ্ট সৌদি আরব




চীনের মুদ্রায় আংশিকভাবে তহবিল সংগ্রহের কথা বিবেচনা করছে সৌদি আরব। বিশ্বের বৃহত্তম তেল রফতানিকারক দেশটির মার্কিন মুদ্রার পাশাপাশি চীনা ইউয়ানে অর্থ সংগ্রহ দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ আর্থিক সম্পর্কের সম্ভাবনা বৃদ্ধি করছে। এরই মধ্যে ২ হাজার কোটি ডলারের একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠন ও পরিচালনার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব ও চীন।
প্রায় তিন বছর ধরে আন্তর্জাতিক বাজারে তেলের অব্যাহত দরপতনে বড় আকারের বাজেট ঘাটতির মুখোমুখি হতে হয়েছে তেলনির্ভর সৌদি আরবকে। বিশাল বাজেট ঘাটতি পূরণে বিদেশ থেকে হাজার কোটি ডলার ঋণ নিতে শুরু করে সৌদি সরকার। কিন্তু দেশটির ইস্যুকৃত বিদেশী বন্ড ও ঋণ সম্পূর্ণভাবে মার্কিন মুদ্রানির্ভর।
সংশ্লিষ্টদের মতে, ইউয়ানভিত্তিক কিছু তহবিল রিয়াদকে আরো আর্থিক নমনীয়তা প্রদান করবে। একই সঙ্গে ইউয়ানকে একটি শীর্ষ আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে চীনের প্রচেষ্টার জন্য এটি বড় একটি অর্জন বলে বিবেচিত হবে। সৌদি তেলের সবচেয়ে বড় বাজার চীন।
জেদ্দায় অনুষ্ঠিত সৌদি-চীন সম্মেলনে দেশটির অর্থনীতি ও পরিকল্পনা-বিষয়ক উপমন্ত্রী মোহাম্মাদ আর তোয়াইজরি বলেন, বর্তমানে সরকারের প্রধান লক্ষ্য সৌদি আরবের তহবিলে বৈচিত্র্য নিয়ে আসা। বিনিয়োগকারীদের কাছে গিয়ে অথবা বাজারে তারল্যে প্রাচুর্য্য রয়েছে এমন সংস্থাগুলোর মাধ্যমে এ বৈচিত্র্য আনা হবে। তিনি বলেন, চীন শীর্ষ বাজারগুলোর মধ্যে অন্যতম। এছাড়া অভাবনীয় অর্থায়ন সুযোগ, বেসরকারি প্লেসমেন্ট, পান্ডা বন্ড ও অন্যান্য সুবিধা প্রাপ্তির ভিত্তিতে বিভিন্ন বাজারে প্রবেশের পরিকল্পনা রয়েছে সৌদি আরবের।
অর্থনীতি ও পরিকল্পনা-বিষয়ক উপমন্ত্রী আরো জানান, চীনা মুদ্রা ও অন্যান্য চীনা পণ্যে অর্থায়নের বিষয়টি বিবেচনা করতে অত্যন্ত আগ্রহী সৌদি আরব। এছাড়া ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নাসহ (আইসিবিসি) অন্যান্য বিভাগ সৌদি অর্থায়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
পান্ডা বন্ড হলো চীনের বাইরের ইস্যুয়ারদের ইউয়ানভিত্তিক বন্ড, যা চীনের মধ্যে বিক্রি করা হয়। সম্মেলনে চীনের বৃহত্তম ব্যাংক আইসিবিসির অঙ্গপ্রতিষ্ঠান আইসিবিসি ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী আন লিয়ান জানান, আইসিবিসি সৌদি আরবের পান্ডা বন্ড ইস্যুর স্পন্সর হতে আগ্রহী।
তোয়াইজরি বলেন, কেবল বাজেট ঘাটতি পূরণের জন্য রিয়াদ বিদেশে অর্থ সংগ্রহের বিষয়ে আগ্রহী নয়। রিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো, প্রধান বিনিয়োগ প্রকল্পে অর্থায়নের মাধ্যমে দেশের অর্থনীতি সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টি। মূলত প্রকল্প অর্থায়ন, বন্ড বাজার ও অন্য উপায়ে আমরা তহবিল প্রদান করব।
এদিকে সমান সমান অংশীদারিত্বের ভিত্তিতে সৌদি আরব ও চীন ২ হাজার কোটি ডলারের একটি বিনিয়োগ তহবিল গঠনের পরিকল্পনা করেছে বলে সম্মেলনের ফাঁকে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান। বর্তমানে পরিকল্পনাটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এ বিষয়ে উভয় পক্ষ প্রত্যয়ী বলে জানিয়েছেন তিনি। ফালিহ জানান, তহবিলটি অবকাঠামো, জ্বালানি, খনি ও কাঁচামালের মতো খাতগুলোতে বিনিয়োগ করবে। তহবিল গঠনের কৌশল সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সাম্প্রতিক বছরগুলোয় বিশ্বব্যাপী এ ধরনের যৌথ বিনিয়োগ তহবিল গঠন পরিকল্পনার ঘোষণা দিয়েছে চীন। বিশেষত দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক গঠনের লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতিটি। ২০১৫ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে ১ হাজার কোটি ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দিয়েছিল বেইজিং। এর পর গত অক্টোবরে ফ্রান্সের সঙ্গে একটি তহবিল গঠন পরিকল্পনার কথা জানা যায়।
চলতি বছরের মার্চে সৌদি বাদশা সালমানের চীন সফরের পরিপ্রেক্ষিতে জেদ্দা সম্মেলনের আয়োজন করা হয়েছে। সে সময় তেল পরিশোধন, পেট্রোকেমিক্যাল, বাতি তৈরি, ইলেকট্রনিকসসহ বেশ কয়েকটি খাতে চীনের সঙ্গে প্রায় সাড়ে ছয় হাজার কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি করে সৌদি আরব।
এদিকে চলতি সপ্তাহে চীনের সঙ্গে ২ হাজার কোটি ডলার সমমূল্যের ১১টি ব্যবসায়িক চুক্তির প্রত্যাশা করা হচ্ছে বলে বৃহস্পতিবার ফালিহ জানান। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এর মধ্যে কয়েকটি বাদশা সালমানের এশীয় সফরের সময় সম্পাদিত চুক্তির সম্প্রসারণ বলে ধারণা করা হচ্ছে।
তেল রফতানিনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বৈচিত্র্য তৈরির প্রচেষ্টা হিসেবে ম্যানুফ্যাকচারিং ও পর্যটনের মতো নতুন শিল্প খাতে চীনা বিনিয়োগ আকর্ষণ করতে চায় সৌদি আরব।