চিনি উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর তালিকায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থান শীর্ষে। দেশটিতে ২০১৭-১৮ মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে আখ উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে। এর পরও মৌসুম শেষে দেশটিতে চিনির উৎপাদন আগের মৌসুমের তুলনায় সাত লাখ টন বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত ফুড সাপ্লাই অ্যান্ড এগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস এজেন্সি (কোনাব)। এর জের ধরে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ বাড়লে দাম কমে আসবে বলে মনে করছে সংস্থাটি।
কোনাবের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ৩ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টন চিনি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমে পণ্যটির মোট উৎপাদনের তুলনায় সাত লাখ টন বেশি। যদিও এ মৌসুমে দেশটিতে ৬৪ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টন আখ উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় এক কোটি টন কম। দেশটিতে আখ উৎপাদন কমলেও চিনি উৎপাদন বাড়বে বলে মনে করছে কোনাব। এর জন্য সংস্থাটি আখ ব্যবহার করে জৈব জ্বালানি উৎপাদন কমাকে কারণ হিসেবে চিহ্নিত করেছে। সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে ২ হাজার ৬১১ কোটি লিটার আখভিত্তিক জৈব জ্বালানি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কম। ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে আখ ব্যবহার করে ইথানল উৎপাদনও আগের মৌসুমের তুলনায় ১০ শতাংশ কমার আশা করা হচ্ছে। এ কারণে চিনি উৎপাদনে বাড়তি আখ ব্যবহার করা সম্ভব হবে। ফলে পণ্যটির উৎপাদন ও রফতানি দুটোই বাড়বে।
এবারের মৌসুমে ব্রাজিলের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলে আখ উৎপাদন বাড়তে পারে বলে জানিয়েছে কোনাব। বৈরী আবহাওয়া কাটিয়ে ২০১৭-১৮ মৌসুমে এ অঞ্চলে আখ উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১০ শতাংশ বেড়ে ৪ কোটি ৯২ লাখ টন হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে ব্রাজিলে উৎপাদিত আখ ও চিনির সিংহভাগই উৎপাদন হয় মধ্য ও দক্ষিণাঞ্চলে। এবারের মৌসুমে এ অঞ্চলে আখ উৎপাদন কমার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার এক নোটে বলা হয়, ব্রাজিলে আখ ও চিনি উৎপাদনকারী মধ্য ও দক্ষিণাঞ্চলে তুষারপাতের ঝুঁকি বরাবরই রয়ে গেছে। তবে এর ফলে চিনি উৎপাদনে কী পরিমাণ লোকসান হবে তা এখনো পরিষ্কার নয়।
তবে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্রিন পুল এক প্রতিবেদনে এ অঞ্চলে চিনি উৎপাদন বাড়বে বলে জানিয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে ব্রাজিলের মধ্য ও দক্ষিণাঞ্চলে ৩ কোটি ৬৪ লাখ টন চিনি উৎপাদন হতে পারে, যা পূর্ববর্তী প্রাক্কলনের তুলনায় নয় লাখ টন বেশি। আর ২০১৭-১৮ মৌসুমে দেশটিতে মোট ১ কোটি ১৯ লাখ টন চিনি উৎপাদন হতে পারে। বাড়তি উৎপাদনের কারণে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ বাড়বে। এর জের ধরে কমবে চিনির দাম।
অন্যদিকে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশনের (আইএসও) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে বৈশ্বিক চিনি উৎপাদনের পরিমাণ ১৯ কোটি ১১ লাখ ৪০ হাজার টন হতে পারে, যা আগের প্রাক্কলনের তুলনায় ২৭ লাখ ১০ হাজার টন বেশি। আগের মৌসুমের তুলনায় এ মৌসুমে চিনি উৎপাদন বাড়তে পারে ১২ লাখ ৩০ হাজার টন। এর সিংহভাগই ব্রাজিলে উৎপাদনের আশা করছে আইএসও। একই সঙ্গে ২০১৭-১৮ মৌসুমে থাইল্যান্ড, ভারত, ফিলিপাইন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় আখ ও চিনির উৎপাদন বাড়বে বলে মনে করছে আইএসও। সংস্থাটির মতে, বাড়তি উৎপাদনের ফলে ব্রাজিলসহ উৎপাদনকারী অঞ্চল ও দেশগুলো থেকে চিনির সরবরাহ বাড়লে আন্তর্জাতিক বাজারে পণ্যটির সরবরাহ উদ্বৃত্ত দেখা দিতে পারে। এর জের ধরে চিনির বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
