মন যা চায় আর বিয়ে যেভাবে হয়!




বিয়ে নিয়ে জীবনে একবারও কৌতূহল হয়নি বা ‘বিবাহ করব’ কল্পনা করে মুচকি মুচকি হাসেনি এমন তরুণ-তরুণী বাংলার সমাজে নেই। স্বপ্নের স্নো-হোয়াইট বা রাজকুমার কতো রাতে এসে যে ভোরে মিলিয়ে গেছে তার হিসেব কয়জন রাখে। তবে বাস্তবতার কথা ভিন্ন, কড়া রোদে কত কিছু ঝলসে যাচ্ছে আর স্বপ্নতো অন্ধকারেই দৌড়ে পালায়। আজ এমনি এক বাস্তবতার সাথে আপনার পরিচয় করিয়ে দেবো। গল্পটা কতটা সত্যনির্ভর তা মিলিয়ে নেয়ার দায়িত্ব আপনার। আমি নাম প্রকাশে ইচ্ছুক নই। তাই বিনা নামেই লিখতে বসেছি। পেপার’স লাইফের প্লাটফর্মে ক্ষোভটা স্বাধীনভাবে বলার সুযোগ পেয়ে নিন্দা জানানোর লোভটা সামলাতে পারলাম না।
সত্যিই আমাদের সমাজটা অনেক ক্রেজি! একজন মধ্যবিত্ত পরিবারের মেধাবী ছাত্র যখন অনেক সংগ্রাম করে দেশের স্বনামধন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করে, তখনই তাকে পরিবারের দিকে তাকিয়ে উচ্চ শিক্ষার স্বপ্ন সাময়িকভাবে জলাঞ্জলি দিয়ে চাকরির পিছনে ছুটতে হয়। যেহেতু তার বাবা একজন মধ্যম আয়ের মানুষ, তাই তাকে তার সল্প উপার্জন দিয়েই নিজের সাধ্যমত পরিবারের হাল ধরতে হয়। বিশেষ করে সে যদি হয় বড় ছেলে আর ছোট ভাই বোন থাকে, তাহলে তো কথায় নেই।
একপর্যায়ে সে তার সল্প বেতন দিয়ে নিজের সাধ্যমত পরিবারের হাল ধরা, ছোট ভাইবোনের পড়ালেখার খরচের পাশাপাশি, নিজের অনেক সাধ বিসর্জন দিয়ে, কোনোভাবে এম.এস.সি ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলে। একই সাথে তার চাকুরির অভিজ্ঞতা, প্রোমোশন ও স্যালারি ক্রমান্বয়ে বাড়তে থাকে। ৩/৩.৫ বছর চাকরি করার পর সে স্বপ্ন দেখে দেশের স্বনামধন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অথবা দেশের বাইরে থেকে এম.বি.এ অথবা পি এইচ ডি করার।
এর মধ্যে ছেলেটির বাবা মা তার জন্য পাত্রি খুঁজতে থাকে। বিড়ম্বনাও শুরু… না কওয়া যায় না সহ্য হয়। পাত্রি পক্ষের লোকজন তাকে যাচাই বাছাই করার জন্য জাল নিয়ে মাছ ধরার মত উঠে পড়ে লেগে যায় এবং তখনই তাকে নিচে উল্লেখিত অস্বাভাবিক পরিস্থিতির শিকার হতে হয়:
১. পাত্রির বাবা মা চিন্তা করে, ছেলেটির এখনই অন্ততপক্ষে ছয় ডিজিট স্যালারি (১০০০০০ বা তার বেশি) পেতে হবে।
২. পাত্রিপক্ষের লোকজন ছেলেকে এমনভাবে যাচাই করে যে, তার অফিসের এইচ আর ডিপার্টমেন্টে কল করে ছেলের নাড়ি নক্ষত্র জেনে নেয়, এমনকি কলিগদের কাছে স্যালারি জানতে চাওয়ার মত অস্বাভাবিক আচরণ করতেও দ্বিধাবোধ করে না। এতে ছেলেটি যে অপ্রীতিকর ও হাস্যকর পরিস্থিতির সম্মুখীন হতে পারে, এগুলো তারা চিন্তা করার প্রয়োজন বোধ করেন না।
৩. এতো অস্বাভাবিক আচরণ করার পর যখন পাত্রিপক্ষ জানতে পারে ৩/৩.৫ বছর চাকরি করার পর ছেলেটি ৩৫ হাজার টাকা স্যালারি পায়, তখন এক সেকেন্ডও সময় নেয় না নিচের এক্সপ্রেশন দিতে- “ওহ অনলি ৩৫ হাজার…!”
৪. হয়ত পাত্রির কাছেও এই ভাইরাল খবরটি পৌঁছাতে খুব বেশি সময় লাগে না। পাত্রি হয়ত এক্সপ্রেশন দেয়; ‘ইয়া আল্লাহ, এতো কমে আমার (আমাদের নয়) ভরণপোষণ কিভাবে চালাবে ছেলেটি, অবশ্য সে জানে একজন ইঞ্জিনিয়ার হিসেবে ভবিষ্যৎ উজ্জ্বল (যদিও সময় লাগবে)। কিন্তু বিয়ের পরে সে এখন যে ভাবে বাবার বাড়িতে চলে, সেভাবে সে চলতে পারবে কি না, তা নিয়ে তার চিন্তার শেষ নাই।
এই ব্যাপারগুলো প্রতিনিয়ত ফেস করতে হয়, মধ্যবিত্ত বাবার প্রতিটি ছেলেকে। আমার মনে হয়, বাংলাদেশের চাকরির বাজার এবং স্যালারি কাঠামো সম্পর্কে এই সব প্রশ্নকারীদের ধারণাও নাই। এমনকি ছেলেটির ভবিষ্যৎই বা কি এটাও জানার প্রয়োজন নাই তাদের কাছে। তারা তাদের মেয়ের জন্য এমন কাউকে প্রত্যাশা করে, যে ৩/৩.৫ বছর জব করেই ছয় ডিজিট স্যালারি গেইন করবে (বাবার প্রতিষ্ঠান ছাড়া এটা সম্ভব কি না আমার জানা নাই)।
অপর দিকে, পাত্রি নিজেও এটা কখনো চিন্তা করে দেখার প্রয়োজন মনে করবে না ছেলেটা আজকের এই পজিশন নিয়ে যে এতো কাটা-ছেড়া, নাক সিটকানো চলছে, এটা সে মহান আল্লাহতালার অশেষ রহমতে নিজ যোগ্যতায় পেয়েছে এবং সে প্রতিটি মূহুর্তে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয়ে থাকে এবং উন্নতিটাও সময়সাপেক্ষ।
আমরা মুখে বলি ‘মলাট দেখে বইয়ের বিচার করা ঠিক না’ কিন্তু বাস্তবে ঠিক তার বিপরীতটাই করি। তাই আবারো বলতে চাই সত্যিই আমাদের সমাজটা অনেক ক্রেজি!