জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার




জাপানের ওপর দিয়ে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি জাপানের উত্তর-পূর্বাংশের হোক্কাইডো প্রদেশের দ্বীপ এলাকা অতিক্রম করে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে উত্তর কোরিয়া ওই ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর জাপান জরুরি সতর্কতা জারি করলেও ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করার কোনো উদ্যোগ নেয়নি।
শুক্র ও শনিবার কয়েক দফা স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার উত্তেজনার মধ্যেই পিয়ংইয়ং এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এ ঘটনাকে ‘নজিরবিহীন হুমকি’ হিসেবে বর্ণনা করেছেন।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়া চলার মধ্যেই উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে ২০০৯ সালের পর এবারই দেশটি জাপানের ওপর দিয়ে এ পরীক্ষা চালালো। উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরে পড়ার আগে প্রায় ১৪ মিনিট জাপানের লোকালয়ের উপরে ছিল।
উত্তর কোরিয়া সুনান থেকে প্রায় ২ হাজার ৭শ’ কিলোমিটার পথ পেরিয়ে সাগরে পড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তিনটি অংশে ভাগ হয়ে যায়। তার আগেই জাপান সরকারের পক্ষ থেকে নাগরিকদের সতর্ক করে মোবাইল ফোনে বার্তা পাঠানো হয়।
জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইয়াশিদা সুগা টোকিওতে সাংবাদিকদের বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য বড় ধরনের হুমকি। এভাবে আর চুপ থাকা যায় না। আমরা উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলব।’
পিয়ংইয়ং আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বলেন, ‘আমরা চাই বিশ্বনেতারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের চাপ অব্যাহত রাখুক।’
এর আগে ১৯৯৮ ও ২০০৯ সালে উত্তর কোরিয়ার ছোঁড়া দুটি রকেট জাপানের আকাশ সীমা অতিক্রম করে। উত্তর কোরিয়ার পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, সেগুলো কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছিল, অস্ত্র হিসেবে নয়।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার রপ্তানি এবং বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা জোরদারে এ মাসের গোড়ার দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সপ্তম দফার অবরোধ আরোপ করে।