আমাদের একজন সাকিব আল হাসান আছে




সাকিব আহমেদ
খুব অভিযোগ আছে তাই না? সাকিব এমন খেলে, সাকিব অমন খেলে। সাকিব দেশের জন্য খেলে না। সাকিব ন্যাচারাল খেলার নামে দলকে বিপদে ফেলে আসে, পরিস্থিতি বিচার করে না। আজ সব অভিযোগ একটু দূরে রাখলে কেমন হয়? সাকিব যেমন খেলে সেভাবেই তো বাংলাদেশ উপকৃত হয়। তাই না?
ধরুন বাংলাদেশ বিপদে। খুব দ্রুত কিছু আউট হয়ে গেছে, যাকে ক্রিকেটীয় ভাষায় ব্যাটিং কলাপ্স বলে। কিংবা প্রতিপক্ষের একটি জুটি ভয়ংকর হয়ে যাচ্ছে। কিছুতেই সেই জুটি ভাঙ্গা যাচ্ছে না। চোখ বন্ধ করে একটু চিন্তা করুন তো কে এমন সময় দলকে ফিরিয়ে আনতে পারে? আপনি সাকিব হেটার হওয়ার পরও চোখের সামনে ভেসে উঠবে সেই সাকিব আল হাসানকেই। কারণ আপনিও জানেন, এই সাকিবেই ভরসা করা যায় – বিশ্বাস রাখা যায়।
আচ্ছা তাঁদের হেটার থাকবে কেন? তার তো এই দেশের জন্যই খেলে, তারা আমাদের জন্য খেলে। তাঁদের অপছন্দ করা বাংলাদেশ ক্রিকেটকেই অপছন্দ করার সামিল। তাঁরা যখন ওই লাল-সবুজের পতাকার জন্য খেলে, তখন তাঁরা নিজেদের সবটুকু উজার করে দিয়েই খেলে। তখন তাঁরা বাংলাদেশের প্রতিনিধি হয়েই খেলে। আপনি তো ক্রিকেটের সাথে দেশপ্রেম মেলান, ক্রিকেটের ভালবাসার মাধ্যমেই আপনার দেশপ্রেম প্রকাশ পায়। তবে দেশকে প্রতিনিধিত্ব করা একজন কি আপনার ভালবাসা পেতে পারে না? তাঁকে ঘৃণা করে কোন দেশকে আপনি ভালবাসেন? সে যাই হোক, আপনার পছন্দ অপছন্দ আপনার কাছে রাখুন। সাকিবের তাতে কিছু যায় আসে না, সাকিব সাকিবই থাকবে।
‘আমাদের একজন সাকিব আল হাসান আছে’। ওইযে সেদিন নিউজিল্যান্ড বধের মহাকাব্য তৈরি করলো, সেদিন অন্য এক সাকিবে মুগ্ধ হয়েছিলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। সেমিফাইনালে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই। এমন এক পরিস্থিতিতে ২৬৫ রানের লক্ষ্যে ৩২ রানে বাংলাদেশের চার উইকেট নেই। সাকিব ছিলেন, মাহমুদুল্লাহকে সাথে নিয়ে রচনা করলেন মহাকাব্য। খুব ঠান্ডা মাথায় এমন পরিস্থিতি সামাল দিয়ে ম্যাচ বের করে আনা সাকিব আল হাসানকে চিনেছিলাম নতুন করে। এভাবে কত ম্যাচ যে বের করে এনেছে তার হিসেব কষতে গেলে সময় পার হয়ে যাবে। এমনি এমনি তো আর এক নম্বর অলরাউন্ডার হয়নি।
সাকিব কত ম্যাচ বাংলাদেশকে টেনে তুলেছেন তার হিসেব নাই কষলাম। আজ অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ নিয়ে কথা বলি। এই ম্যাচের সব থেকে প্যাশনেট, ডেডিকেটেড খেলোয়াড় কে ছিল? সাকিব কে দেখলেই বুঝতে পারবেন। উইকেট নিয়েছেন, উল্লাসগুলো মাত্রা ছাড়িয়েছে। উইকেট মিস করেছে, ক্যাচ ড্রপ হয়েছে, সাকিবের বলে ফিল্ডাররা রান দিচ্ছেন। সাকিবের হতাশার মাত্রা, ওর চোখে মুখে আক্ষেপের চিহ্ন ছিল লক্ষ্য করার মত। নিজেকে এতটাই উজাড় করে দিয়েছেন।
আচ্ছা সাকিবকে কখনো এভাবে উল্লাস করতে দেখেছেন? স্মৃতি হাতড়ে ইংল্যান্ড সিরিজের কথা মনে পড়বে। স্টোককে আউট করে ট্রেডমার্ক উদযাপন কিংবা আঙ্গুল উঁচিয়ে ছুঁটে যাওয়া আপনার মনে পড়তে পারে। কিন্তু এমন উচ্ছাস, উদযাপনতো সবকিছুকেই হার মানিয়েছে। ম্যাথু ওয়েডকে আউট করে সাকিব যেই উদযাপন করেছে তাতে আপনি সাকিবকে মেলাতে পারবেন না। ভক্তরা অনেকদিন মনে রাখবে এমন সাকিবকে। যেই সাকিব ভয়ংকর।
আমি সাকিবকে ভয়ংকর হতে দেখেছি, এতটা ভয়ংকর হতে দেখিনি। যেখানে সাকিব একাই ছড়ি ঘুরিয়েছে ক্যাঙ্গারুদের উপর। প্রথমদিন তামিমকে নিয়ে ব্যাট হাতে লড়েছেন। বল হাতে ঘাম ছুটিয়েছেন অজি ব্যাটসম্যানদের। এই সাকিব অন্যরকম। এই সাকিব দেশের জন্য নিজেকে উজাড় করে দেন। তারপরও আপনি যদি বলেন সাকিব দেশের জন্য খেলে না, তবে তা আপনার মূর্খতা।
একজন দর্শক হিসেবে একটা কথা বলতে চাই। খেলা দেখেন, খেলা উপভোগ করেন। সাকিব-তামিম-মুশফিকরা আপনাদের জন্যই খেলেন। তাই জয়ের পর সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননা। কিন্তু এরপর আপনারা যদি তাঁদের আঘাত দিয়ে কথা বলেন-অবমাননা করেন, তাঁরা কি করে ভাল খেলার অনুপ্রেরণা পাবে? সাকিব থেকে সৌম্য – সবাই যখন লাল-সবুজ পতাকাটার জন্য খেলে তাদের সমর্থন করা আমাদের কর্তব্য, অশালীন ভাষায় মন্তব্য বলা নয়। তাদের সমর্থন করুক, ভরসা রাখুন। তাঁরা কখনো হতাশ করবে না।