শীঘ্রই আইএস মুক্ত হবে তাল-আফার




ইরাকের তাল আফার পুরোপুরি আইএসমুক্ত করা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। গত ৭২ ঘণ্টায় সেখানে নিহত হয়েছে ১শ’ ৩০ জনের বেশি জঙ্গি।
তাল-আফারে আইএস বিরোধী আভিযান আরো জোরদার করেছে ইরাকের যৌথবাহিনী। অভিযান শুরুর ৯ম দিনে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ব্যাপক গোলা হামলা চালায় তারা। নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া হয়ে ওঠা আইএস জঙ্গিদের সঙ্গে সেনা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়।
গেল ৭২ ঘণ্টায় তাল আফারে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১শ’ ৩০ জন জঙ্গি নিহত হয়েছে। এছাড়া বেসামরিক নাগরিকদের ভিড়ে সিরিয়ায় পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে প্রায় ২শ’ আইএস সদস্যকে।
সামরিক বাহিনী জানায়, আল-আসকারিয়া ও শিল্পাঞ্চল আল-রাহমাসহ তাল-আফারের বেশিরভাগ এলাকা পুনর্দখল করেছে তারা। জঙ্গিদের দখলে থাকা সর্বশেষ এলাকা আল-আয়াদিয়ার পুনরুদ্ধারে অভিযান চলছে।
তিনি বলেন, ‘আল-আয়াদিয়ার বিভিন্ন ভবন ও বেসামরিক নাগরিকদের বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে। আমাদের সেনারা তাদের সঙ্গে লড়ছে। এ এলাকাটি পুনর্দখল হলেই নিনেভসহ পুরো তাল আফারই ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসবে।’
সেনাবাহিনীর সফলতার প্রশংসা করে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদী বলেন, শিগগিরি তাল আফারে বিজয় ঘোষণা করা হবে।