বিশ্বব্যাপী মার্কিন ডলারের বিপরীতে ক্রমে শক্তিশালী হচ্ছে ইউয়ান। শক্তিশালী স্থানীয় অর্থনীতির পাশাপাশি ডলার দুর্বল হয়ে পড়ার সুযোগে চীনের মুদ্রাটির মান বাড়ছে।
চায়না ফরেন এক্সচেঞ্জ ট্রেড সিস্টেমের দেয়া তথ্যানুযায়ী, বুধবার ডলারের বিপরীতে ইউয়ান বা রেনমেনবির মান ১৯১ বেসিস পয়েন্ট শক্তিশালী হয়ে ৬ দশমিক ৬২-এ পৌঁছে। প্রসঙ্গত, চীনে মুদ্রার মানের ওঠানামার সীমা কেন্দ্রীয়ভাবে নির্ধারণ করা হয়; যাকে সেন্ট্রাল প্যারিটি সিস্টেম বলা হয়। এর আগে মঙ্গলবার ইউয়ানের মান ৬০ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ার পর বুধবার তা আবার সমন্বয় করা হয়।
গত মঙ্গলবার বিভিন্ন মুদ্রাবাজারে শীর্ষস্থানীয় মুদ্রাগুলোর বিপরীতে ডলারের মানে বেশ উত্থান-পতন লক্ষ করা যায়। গত সোমবার দিনশেষের লেনদেনে অন্যান্য শীর্ষ মুদ্রার বিপরীতে ডলারের মান ১৫ মাসের সর্বনিম্নে নেমে যায়। মূলত মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) প্রধান জ্যানেট ইয়েলেন কেন্দ্রীয় ব্যাংক-প্রধানদের সম্মেলনে মুদ্রানীতিমালা নিয়ে তথ্য প্রকাশ না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঝুড়িতে স্থান পাওয়া শীর্ষ ছয় মুদ্রার বিপরীতে ডলারের মান পর্যবেক্ষক সূচকটি শেষ খবর পাওয়া পর্যন্ত ৯২ দশমিক ৩৪ পয়েন্টে দাঁড়ায়। মঙ্গলবারে যা ছিল ৯১ দশমিক ৬৩ পয়েন্ট, যা ২০১৫ সালের পর সর্বনিম্ন সীমা।
এদিকে ডলারের বিপরীতে ইউয়ানের মানের এ উত্থানের পেছনে চীনের অর্থনীতির শক্তিশালী অবস্থানকে অন্যতম হিসেবে উল্লেখ করা হচ্ছে। চলতি বছরের প্রথমার্ধে চীনের অর্থনীতি ৬ দশমিক ৯ শতাংশ সম্প্রসারিত হয়েছে।
