ত্যাগের মহিমা নিয়ে আজ সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঈদুল আযহা পালন করছেন ধর্মপ্রান মুসলমানরা। এছাড়া সৌদি আরবের সাথে একযোগে ইউরোপের বিভিন্ন দেশেও মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ।
এশিয়ার ফিলিপাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মুসলিমরাও আজ পালন করছেন ঈদুল আযহা। তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আগামীকাল ঈদুল আযহা পালিত হবে।
এছাড়া আজ কোরবানি ও শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন প্রায় ২০ লক্ষ হাজি।
এদিকে চাঁদপুরে কিছু এলাকাতে আজ ঈদুল আযহা পালিত হচ্ছে। এসব এলাকার মুসলিমরা গত প্রায় ৯০ বছর ধরে বংশানুক্রমিকভাবেই সৌদি আরবের সাথে মিল রেখে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। ইসলামের চার মাজহাবের মধ্যে হানাফি মাজহাবের অনুসারীরা সৌদি আরবের সাথে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করে আসছে। হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা হামিদিয়া দাখিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা আবু ইছহাক ইংরেজি ১৯২৮ সন থেকে সৌদি আরবের সাথে মিল রেখে ইসলামের সব ধর্মীয় রীতিনীতি প্রচলন শুরু করেন।
এছাড়া মাদারিপুর, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও মৌলভিবাজারের বেশ কিছু গ্রামে আজ পালিত হচ্ছে ঈদুল আযহা।
