সম্প্রতি চালানো ব্যালিস্টিক পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমা পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ নিয়ে ষষ্ঠবারের মতো বোমা পরীক্ষা চালালো দেশটি।
রোববার উত্তর কোরিয়ার কিলজুতে অবস্থিত পরমানু পরীক্ষা কেন্দ্রে এ বোমা পরীক্ষা চালানো হয়।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ের ষষ্ঠ পরমাণু পরীক্ষা ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আবহাওয়া সংস্থার দেওয়া তথ্যসহ নানা তথ্য–উপাত্ত পরীক্ষা–নিরীক্ষা করার পর সরকার নিশ্চিত করছে যে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চালিয়েছে।’ তিনি বলেন, এ ঘটনায় জাপান চীনের বেইজিংয়ে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসের কাছে প্রতিবাদ জানিয়েছে।
এ ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে তার জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছেন।
এর কয়েকঘণ্টা আগেই উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার উন্নতি ঘটিয়েছে বলে দাবি করে পিয়ংইয়ং। এর সঙ্গে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের কয়েকটি ছবিও প্রকাশ করে। যেখানে উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে পারমানবিক অস্ত্র কর্মসূচি নিয়ে নির্দেশনা দিতে দেখা গেছে। এর কিছুক্ষণ পরই এই পরীক্ষা চালানো হলো।
উত্তর কোরিয়া দাবি করেছে, তারা হাইড্রোজেন বোমারই পরীক্ষা চালিয়েছে। হাইড্রোজেন বোমা পরমাণু বোমার চেয়ে কয়েক গুণ শক্তিশালী। বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়ার এ দাবি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার কেন্দ্রস্থল ও আশপাশে আজ কৃত্রিম ভূমিকম্প হয়েছে, যা দেশটির ষষ্ঠতম পরমাণু পরীক্ষা বলে ধারণা করা হচ্ছে। পিয়ংইয়ংয়ের পঞ্চম পরমাণু পরীক্ষার সময় যে মাত্রায় ভূমিকম্প হয়েছিল, তার চেয়ে এটি ৯ দশমিক ৮ গুণ শক্তিশালী।
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া প্রশাসনের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহ্যাপ জানায়, ‘গত বছরের সেপ্টেম্বরে চালানো পঞ্চম পরমাণু পরীক্ষার চেয়ে এটা কেবল ৮ দশমিক ৮ গুণ শক্তিশালীই নয়, বরং এটি উত্তর কোরিয়া এ পর্যন্ত যত পরীক্ষা চালিয়েছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী।’
দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার কিলজু অঞ্চলে ভূকম্পনের সৃষ্টি হয়। পংগিরি পরমাণু পরীক্ষার স্থাপনাটি ওই অঞ্চলেই অবস্থিত। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ৬ দশমিক ৩ মাত্রার ভূকম্পন সৃষ্টি হয়েছে। এটা সম্ভবত উত্তর কোরিয়ার চালানো পরীক্ষাগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী।
এর আগে উত্তর কোরিয়া যেখানে পরমাণু পরীক্ষা চালিয়েছিল, সেখানেও কম্পন শনাক্ত করেছিলেন ভূকম্পনবিদেরা
