ভোট ছাড়াই উপাচার্য প্যানেল চূড়ান্ত করা নিয়ে সমালোচনা এবং কয়েকজন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটের করা মামলায় সেই প্যানেলের কার্যক্রম স্থগিত হয়ে যাওয়ার এক মাসের মাথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উপাচার্যের দায়িত্ব দিয়েছে সরকার।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. আখতারুজ্জামানকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট সব সুযোগ-সুবিধা পাবেন। রাষ্ট্রপতি মনে করলে যেকোনো সময় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবেন।
১৯৯০ সালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেওয়ার পর ২০০৪ সালে অধ্যাপক হন আখতারুজ্জামান। এই ফুলব্রাইট স্কলার পিএইচডি করেন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ও কলা অনুষদে ডিনের দায়িত্ব পালন করা অধ্যাপক আখতারুজ্জামানকে ২০১৬ সালের ২২ জুন উপ-উপাচার্য নিয়োগ দেয় সরকার।
