শেয়ারবাজার: নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন




সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের নিম্নমুখি প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৮১ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ কমে ৬ হাজার ১৪৯ দশমিক ৪ পয়েন্টে নেমে গেছে।
৮ দশমিক শূন্য ৬ পয়েন্ট বা দশমিক ৩৬ শতাংশ কমে ২ হাজার ২০০ দশমিক ৭২ পয়েন্টে নেমেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৬ দশমিক শূন্য ৪ পয়েন্ট বা দশমিক ৪৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৫ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৩৬ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৬৫০টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ১৫২ কোটি ৩৪ লাখ ৪২ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত ছিল ৪৮টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ২০ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১১ হাজার ৫১২ দশমিক শূন্য ৫ পয়েন্টে নেমে গেছে। ৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৪৯১ দশমিক ৮২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৫৮ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৪৭২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৭১ কোটি ১৩ লাখ ৫ হাজার ২০২ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১০৮টির, কমেছে ১২০টির ও অপরিবর্তিত ছিল ২৬টির বাজারদর।