শেয়ারবাজার: ঊর্ধ্বমুখি প্রবণতায় সূচক




সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখি প্রবণতায় শেষ হয়েছে বেচাকেনা, লেনদেনও বেড়েছে। তবে দুই স্টক এক্সচেঞ্জেই দর কমেছে অধিকাংশ সিকিউরিটিজের।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ১৭ পয়েন্ট বা দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৬ হাজার ১৮৪ দশমিক ৫৭ পয়েন্টে উন্নীত হয়। ১১ দশমিক ৪২ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ২১২ দশমিক ১৪ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস৩০। আর ৬ দশমিক ৬৫ পয়েন্ট বা দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭২ দশমিক ৩ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ৪৪ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ৭১১টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ১ হাজার ৪২৪ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ১ হাজার ২০৩ কোটি ৪৭ লাখ ১ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত ছিল ৩২টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স দশমিক ৮৩ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৫ দশমিক ২ পয়েন্টে উন্নীত হয়। ১৪১ দশমিক ২ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৬৩৩ দশমিক শূন্য ২ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৭৭ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৪৮৪ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৫৮ কোটি ৭১ লাখ ৬৫ হাজার ৪৭২ টাকা। এদিন লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১১০টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত ছিল ১৯টির বাজারদর।