১৬ই সেপ্টেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর আসরের প্লেয়ার ড্রাফট বা খেলোয়াড় নিলাম। এই প্লেয়ার ড্রাফটের জন্য ২০৮ জন বিদেশি খেলোয়াড়ের নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএল শুরু হতে মাস দেড়েক বাকি। নভেম্বরের ২ তারিখ নতুন ভেন্যু সিলেটে সাত দল নিয়ে শুরু হবে বিপিএলের ৫ম আসর। ইতিমধ্যেই দলগুলো খেলোয়াড় গোছানোর কাজ শুরু করে দিয়েছে। অনেক বিদেশি ক্রিকেটারই নিজ নিজ দল নির্ধারণ করে ফেলেছেন, সম্পন্ন করেছেন ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি। এবারের বিপিএল নিয়ে একটু আগে থেকেই তোড়জোড় শুরু করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি।
নিলামে ডাক পাওয়া বিদেশি ক্রিকেটারদের ৬২ জনই ইংল্যান্ডের। এছাড়াও রয়েছে পাকিস্তানের ৪৬ জন, ওয়েস্ট ইন্ডিজের ২৭ জন, শ্রীলঙ্কার ২৬ জন। তাছাড়া আরো আছে জিম্বাবুয়ে (৮ জন), দক্ষিণ আফ্রিকা (৬ জন), আয়ারল্যান্ড (৬ জন), আফগানিস্তান (৬ জন), আরব আমিরাত (৬ জন), অস্ট্রেলিয়া (৪ জন), কানাডা (৩ জন), নিউজিল্যান্ড (৩ জন), যুক্তরাষ্ট্র (২ জন), নেপাল (১ জন), নেদারল্যান্ড (১ জন) ও স্কটল্যান্ড (১ জন)।
বিদেশি খেলোয়াড়ের দিক থেকে নিলামে সবচেয়ে বেশি সংখ্যক ডাক পড়েছে এবারই। গত আসরে নিলামে ডাক পেয়েছিলেন ১৬৮ জন বিদেশি ক্রিকেটার।
নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের ভাগ করা হয়েছে ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত বিভক্ত এই ক্যাটাগরিগুলোর জন্য নির্ধারিত হয়েছে নির্দিষ্ট মূল্য। ড্রাফটে ‘এ’ ক্যাটাগরিতে আছেন ৭ জন ক্রিকেটার।
‘বি’ ক্যাটাগরিতে আছেন ৮ জন ক্রিকেটার, ‘সি’ ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার, ‘ডি’ ক্যাটাগরিতে আছেন ১০০ জন ক্রিকেটার, ‘ই’ ক্যাটাগরিতে আছেন ৫০ জন ক্রিকেটার এবং ‘এফ’ ক্যাটাগরিতে আছেন ২৩ জন ক্রিকেটার।
তাদের সর্বোচ্চ মূল্য ৭০ হাজার ইউএস ডলার এবং সর্বনিম্ন মূল্য ১০ হাজার ইউএস ডলার।
আগের দল থেকে দেশী চারজন খেলোয়াড়কে রাখার নিয়ম রেখেছে বিসিবি। আর চুক্তির ভিত্তিতে ইচ্ছেমত বিদেশী নেওয়া যাবে। তবে প্লেয়ার ড্রাফট থেকে বাধ্যতামূলক সাতজন দেশী ও দুইজন বিদেশী খেলোয়াড়কে অবশ্যই নিতে হবে।
শনিবার প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে রাজধানীর অভিজাত র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে। পুরো ড্রাফট অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বেসরকারি দুই টিভি চ্যানেল মাছরাঙা টিভি ও গাজী টিভি।
