অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে




যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেন হার্ভি ও ইরমার আঘাত এবং এর জের  আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়ে যায়। তবে গতকাল পণ্যটির দাম আগের দিনের তুলনায় সামান্য কমেছে। মূলত উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনায় এদিন পণ্যটির দাম কমেছে।
এদিন ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। এদিন প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৪৯ ডলার ৭৩ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১৬ সেন্ট কম। এর আগে বৃহস্পতিবার পণ্যটির দাম প্রতি ব্যারেলে ৫০ ডলার ছুঁয়েছিল, যা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। তবে দিন শেষে প্রতি ব্যারেল ডব্লিউটিআই বিক্রি হয় ৪৯ ডলার ৮৯ সেন্টে, যা ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ।
অন্যদিকে গতকাল ভবিষ্যতে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম কমেছে আগের দিনের তুলনায় দশমিক ৪ শতাংশ। এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয় ৫৫ ডলার ২৯ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১৮ সেন্ট কম। এর আগে বৃহস্পতিবার পণ্যটির দাম ব্যারেলপ্রতি ৫৫ ডলার ৪৭ সেন্ট উঠেছিল, যা চলতি বছরের ১৩ এপ্রিলের পর সর্বোচ্চ। গতকাল আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও সাপ্তাহিক হিসাবে গত সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের গড় দাম আগের সপ্তাহের তুলনায় ৫ শতাংশ বেড়েছে। এটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
টোকিওভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সুমিটোমো করপোরেশনের প্রেসিডেন্ট বব তাকাই বলেন, চলতি মাসে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে তুলনামূলক চাঙ্গাভাব দেখা যাচ্ছে। এটা অবশ্যই ইতিবাচক একটি লক্ষণ। পণ্যটির রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) দীর্ঘদিন থেকে এমন পরিস্থিতির জন্য অপেক্ষা করে রয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন হ্রাস-সংক্রান্ত চুক্তি করেও আন্তর্জাতিক বাজারে পণ্যটির ক্রমাগত দরপতনের লাগাম টানতে পারেনি ওপেক। এখন আবহাওয়াজনিত কারণে পণ্যটির দাম কিছুটা বাড়ায় স্বস্তিতে রয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৫০-৬০ ডলারের মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব ডুডলি বলেন, ওপেকের চুক্তির আওতায় অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন ধীরে ধীরে কমে আসছে। এ কারণে পণ্যটির মজুদও কমছে। ধীরে হলেও বাড়ছে দাম। পণ্যটির বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমরা বড় কোনো পরিবর্তনের আশা করছি না। তবে চলতি বছরের বাকি দিনগুলোয় পণ্যটির দাম বেড়ে প্রতি ব্যারেলে ৫০-৬০ ডলারের মধ্যে অবস্থান করবে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন;
বিশ্বব্যাপী তেল ও বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা
তেল রাজস্ব পতন: শূন্যের কাছাকাছি সৌদির প্রবৃদ্ধি
বেড়েছে জ্বালানি তেলের দাম