নতুন নিয়মে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ




ঘোষণাটা আইসিসি দিয়েছিল অনেক আগেই। ক্রিকেটে আসছে পরিবর্তন। সেসব পরিবর্তন চালু হওয়ার সময়ও ধার্য্য হয়েছিল ১ অক্টোবর। তবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে তিন দিন আগে থেকেই শুরু হবে সেসব নিয়ম।
অনেক সম্ভাবনা নিয়েই দীর্ঘ নয় বছর দক্ষিণ আফ্রিকার পথে পাড়ি জমিয়েছে বাংলাদেশ। যে দুইবার (২০০৩ ও ২০০৮) বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফর করেছিল, বলার মত সাফল্য ছিল কেবল ২০০৮ এ সাকিবের ব্যাক টু ব্যাক টেস্টে পাঁচ উইকেট নেওয়া। সেই সাকিব এবার নেই, বিশ্রামের জন্য ছুটি চাওয়া সাকিবকে ছাড়াই খেলতে হবে। তবে বদলে যাওয়া বাংলাদেশ এখন একজন নির্ভর নয়, প্রতিটি খেলোয়াড় নিজেকে মাঠে উজাড় করে দিয়ে খেলার ক্ষমতা রাখে।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঠের পারফরম্যান্স ছাপিয়ে প্রাধান্য পাচ্ছে নতুন কিছু নিয়ম। যা ক্রিকেটে এবারই প্রথম। লাল কার্ড, ব্যাটের নতুন সাইজ সহ, রান আউট ও ডিআরএস নিয়মেও আসছে পরিবর্তন।
ফুটবলের আদলে ক্রিকেটেও আসছে লাল কার্ড। কোনো খেলোয়াড় যদি মাঠে অখেলোয়ারসুলভ আচরণ করে তবে আম্পায়ার তাঁকে লাল কার্ড দেখিয়ে বের করে দিতে পারবেন। এছাড়া একটি নির্দিষ্ট মাপের ব্যাট ব্যবহার করতে হবে ব্যাটসম্যানদের।
ডিআরএস নিয়মেও আসছে পরিবর্তন। ‘আম্পায়ার্স কল’-এ রিভিউ হারাবে না রিভিউ ডাকা দলটি। এতে সুবিধাই পাবে সে দল। সেক্ষেত্রে টেস্টে ৮০ ওভারের পর নতুন করে রিভিউ পাওয়ার যে নিয়ম ছিল তা আর থাকছে না।
রান আউটের ক্ষেত্রে ব্যাটসম্যান একবার যদি ব্যাট ক্রিজে স্থাপন করতে পারে তারপর ব্যাট যত উপরেই থাকুক না কেন ব্যাটসম্যান আউট হবে না। বর্তমানে ব্যাট উপরে থাকলে আউট দেওয়ার নিয়ম আছে।
এছাড়াও তিন অধিনায়ক তত্ত্বে প্রথমবার খেলবে বাংলাদেশ। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তো আছেনই। গত সিরিজে টি২০ থেকে অবসরের ঘোষণা দেওয়ায় নতুন অধিনায়ক সাকিব আল হাসানের নেতৃত্বে ক্রিকেটের সব থেকে ছোট ফরমেটে খেলবে বাংলাদেশ।