ঝাড়ু (২য় পর্ব)




জাহিদ বিন মনির
এই তিন জন চিরকুমার হলেও এর আগে যে পরিবার এখানে থেকেছে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আরো ভয়ানক।  তো গল্প শুনতে শুনতে বিকেল হয়ে গেল।  ঠাম্মা আরো কিছু কথা বলেছিলেন।  মনে মনে ঠিক করে ছিলাম আমি নিজে গিয়ে এর সত্যতা যাচাই করে দেখব।  বিকেলে খেলতে গেলাম।  খেলার সময় কেন জানি বারবার সুপারি বাগানের দিকে চোখ যাচ্ছিল ।  খেলায় মন দিতে পারিনি।
বাড়ি ফিরে এলাম।  রাতে আকাশে চাঁদ উঠল।  সেদিন ছিল পূর্ণিমার তৃতীয় রাত্রি।  ঠাম্মা এই রাতের কথাই বলেছিলেন।  গ্রামে সাধারণত দশটার পর গভীর রাত।  সবাই এরই মধ্যে ঘুমিয়ে পরে।  অপেক্ষা করছিলাম কখন সবাই ঘুমাবে, কখন বারোটা বাজবে।  অবশেষে সময় হলো।  বাড়ির পিছন দিয়ে ঐ বাড়িটায় যাওয়ার জন্য যে চিপা রাস্তাটা আছে সেই রাস্তা ধরে ধীরে ধীরে যাচ্ছিলাম।  মেজো মামার ঘরটা এদিকেই; দেখলাম আলো জ্বলছে আমি চুপিসারে বাড়ির সীমানা পার হয়ে পুকুরের কাছে আসতেই গায়ে কাটা দিয়ে উঠল।
পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট, ম্যাচ আর লোহার পেরেকটা আছে কিনা দেখে নিলাম।  আমি সিগারেট খাই না।  তবুও রেখেছি কারণ শুনেছিলাম আগুন লোহা কাছে থাকলে নাকি অশরীরি আত্মা কাছে আসেনা।  বিসু দা শিখিয়ে দিয়েছিল কিভাবে সিগারেট না খেয়েও জ্বালিয়ে রাখতে যায়।  বলেছিল ভালো ভাবে ধরাতে পারলে নাকি আর নেভে না।  আমি ভেবে ছিলাম এটা বোধহয় খুব সহজ কাজ।  কিন্তু ধরাতে গিয়ে টের পেলাম, এ বস্তু ধরার আগে কাশিয়ে ছাড়ে।  অবশেষে ধরিয়ে, মনে মনে দোয়া দরুদ রির্হাসেল দিয়ে পুরো যুদ্ধের প্রস্তুতি নিয়ে আগাতে থাকলাম।
ঠাম্মা যে জায়গাটার কথা বলেছিল তার থেকে কিছু দূরে বাড়িটার পিছনে বাগানের পাশে বসে আছি।  তেমন ভয় লাগছিল না, আকাশে চাঁদ, জোছনার আলোয় বেশ দেখা যাচ্ছে তবে স্পষ্ট না।  কত সময় বসে ছিলাম জানি না। হঠাৎ করে মনে হলো আচ্ছা আমিতো টর্চ লাইট আনতে ভুলে গেছি তাছাড়া মোবাইলও টেবিলের উপরে রেখেই চলে এসেছি।  নিজের উপর চরম রাগ হচ্ছিল আর তখন চরম মাত্রায় ভয় পেতে শুরু করলাম।  ভাবলাম আর কাজ নেই এবার বাড়ি যাই।  উঠে দাড়াতে যাব তখন হাত থেকে লোহার পেরেকটা পরে গেল।  ভয়ে আমি তখন কাঁপছি।  লোহার পেরেকটা হাতরে পেলাম না।  সিগারেটটাও শেষের দিকে।  জ্বালানোটা মাটিতে রেখে আরেকটা ধরাতে যাচ্ছি এমন সময় খুব শীতল বাতাস বয়ে গেল।  মাটিতে রাখা সিগারেটটা গড়ে দূরে চলে গেল।  আমি কয়েকবার চেষ্টা করে অবশেষে নতুন সিগারেট জ্বলাতে পারলাম।  সেন্ডেলটা পরছিলাম আর ভাবছিলাম ঘুরে দিব দৌড়।  যেই ঘুরছি তখনই শব্দটা কানে এলো।  ঠিক ঐ জায়গাতেই, কে যেন ঝাড়ু দিচ্ছে।
ঝাড়ু দিলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছে।  অনেকটা হিসহিস হিসহিস হিস হিসহিস হিসহিস হিস।  তখন কেমন যেন মাতাল হয়ে গেছি, দেখার টান অনুভব করছি।  শব্দটা খুব টানছে।  আমার দৌড়ানোর ইচ্ছে মরে গেছে।  তাছাড়া প্রবল আগ্রহ জাগছে এতোটুকু যখন এলাম বাকিটুকু দেখেই যাই।  আমি পথ থেকে নামতে শুরু করলাম, তখনই পায়ের সাথে কি যেন বাড়ি খেল, হাত দিয়ে দেখি পেরেকটা।  যাক পাওয়া গেল।  আমি শব্দের উৎসের খুব কাছেই।  শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না অথচ যে দূরত্বে দাড়িয়ে আছি এই দূরত্বে গায়ের রং-ও দেখা যায়।  এখন যথেষ্ট আলোও আছে।
আমি বাম হাতে পাশের সাজনে গাছে ভর দিয়ে গলা বাড়ায়ে দেখার চেষ্টা করছি এমন সময় ডান হাতে আগুনের স্যাকা খেলাম, সিগারেট শেষ হয়ে গেছে।  এই অনুভুতি শেষ না হতেই মনে কেউ আমার পিছনে দাড়িয়ে আছে।  খুব গরম বাতাস লাগলো গায়ে।  ঘুরে দেখতে যাব তখনই ডান কানে এক মণ ওজনের একটা থাপ্পর ঠাসসসসসসসস…
আর কিছু মনে নেই ।  যখন চোখ মেললাম তখন আমি বিছানায় শুয়ে।  সব মনে পরল…  তখন আরেকটা বিষয় মাথায় এলো আচ্ছা আমার হাতে তো পেরেক ছিল। বাম চোখে হাত দিলাম, না চোখটা ঠিকই আছে।  কিন্তু  রহস্যটা সেভাবেই রয়ে গেল, সমাধানহীন।  বেঁচেই বা ফিরলাম কেন?  কেনও জানি আফসোস হচ্ছে, যে প্রশ্ন নিয়ে গিয়েছিলাম তার উত্তর না নিয়েই ফিরলাম।  মনের আরেক পাশ থেকে কে জানি বলে উঠল বেশি বাড় বেরোনো তোমাকে সাবধান করা হলো… চলবে …