‘নেভার গিভ আপ’ – যেকোনো খেলার সাথেই কথাটি প্রচলিত। শেষের আগে যেন কোনো মতেই হার না মানা হয়। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয়। আর সেই কাজটিই করে দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ ফুটবল দলের তরুণ তুর্কিরা। ভারত অনূর্ধ্ব-১৮ দলের বিপক্ষে প্রথম অর্ধে ০-৩ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ গোলে মাঠ ছেড়েছে বাংলার যুবারা।
তিন গোল হজমের পরেও নাকি জয়ের নায়ক জাফরের মনে আত্মবিশ্বাস ছিল ম্যাচটি জিততে পারে তারা। ‘শুরু থেকেই আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা ভারতের বিপক্ষে জিতব। তিন গোল খাওয়ার পরেও মনে হয়েছে ম্যাচটি আমরা জিততে পারি। দ্বিতীয়ার্ধে আমরা সবাই জিদ নিয়ে মাঠে নেমেছিলাম।’ ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান তিনি।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়াম বাংলাদেশের ফুটবলের কপালে একে দিয়েছিল কলঙ্ক। গত বছর অক্টোবরে এই মাঠেই এশিয়ান কাপের প্রাক-বাছাইপর্বে স্বাগতিক ভুটানের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশ। বাংলাদেশের ফুটবল ইতিহাসে যা কলঙ্কজনক অধ্যায়ও বটে। সেই কলঙ্কের দাগ জাফর ইকবালের গায়েও আছে। জাতীয় দলের জার্সিতে সেদিন মাঠে নামা না হলেও সাইডবেঞ্চে বসে দেখেছিল বাংলাদেশের লজ্জাজনক পরাজয়। আজ সেই চাংলিমিথাংয়েই রূপকথা লিখল জাফর। তার দুই গোলর কল্যাণেই ৪-৩ গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ।
নিজেদের প্রমাণ করেছে জাফর ইকবালরা। জাফর নিজে জোড়া গোল করেছে, করিয়েছে আরও একটি। ৫৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে গোলের খাতা খুলে ৩-১ করে জাফর। ৯১ মিনিটে জয়সূচক গোলটিও এসেছে তার হেড থেকে। মাঝে ৭৪ মিনিটে বাম প্রান্ত থেকে ক্রস করে সুফিলকে দিয়ে করিয়েছে তিন নম্বর গোলটি। স্বাভাবিকভাবে এই ম্যাচটিকেই ক্যারিয়ারের সেরা ম্যাচ হিসেবে মানছে জাফর, ‘এটি আমার ক্যারিয়ারে স্মরণীয় ম্যাচ। অন্য রকম ভালো লাগছে।’
