জাতিসংঘের ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের (আইএসসিজি) সিচুয়েশন রিপোর্ট ও মানবিক সহায়তা দপ্তরের (ইউএনওসিএইচএ) ফিন্যান্সিয়াল ট্র্যাকিং সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।
আইএসসিজির সর্বশেষ সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী, চলমান সংঘাত শুরুর পর থেকে দেশে রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে মোট ৪ লাখ ২৯ হাজার। উখিয়া, টেকনাফ, কক্সবাজার, রামুর বিভিন্ন ক্যাম্প ও স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারা। এর বাইরে এ ধরনের আরো শরণার্থী রয়েছে বলে ধারণা করছে আইএসসিজি।
প্রতিবেদনে বলা হয়, এসব শরণার্থীর খাদ্য ও পুষ্টিনিরাপত্তা, মানবাধিকার, স্বাস্থ্যসেবা, আশ্রয়স্থল, নিরাপদ পানিসহ নানা মানবিক সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য বিভিন্ন উত্স থেকে মোট ৭ কোটি ৭১ লাখ ডলারের তহবিল সংগ্রহের চেষ্টা চালানো হয়। এর মধ্যে এখন পর্যন্ত অনুদান সহায়তা নিশ্চিত করা গেছে ২ কোটি ৭৭ লাখ ডলারের কিছু বেশি।
এর মধ্যে সিংহভাগ অনুদান পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। দেশটির মোট প্রদেয় অনুদানের পরিমাণ প্রায় ১ কোটি ১১ লাখ ৬৪ হাজার ডলার। তিনটি ভিন্ন ভিন্ন প্রকল্পে এ অর্থ ব্যয় হবে। জাতিসংঘের শিশু তহবিল ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। ফ্রান্স সরকার অনুদান দিচ্ছে ৩ লাখ ২২ হাজার ডলারের কিছু বেশি। জাতিসংঘের খাদ্যসহায়তা সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) বাস্তবায়নাধীন একটি প্রকল্পের মাধ্যমে এ অর্থ ব্যয় হবে। কানাডা সরকারের কাছ থেকে অনুমোদন আসছে ২৬ লাখ ৮০ হাজার ডলার। ডব্লিউএফপি, জাতিসংঘের শিশু তহবিল, জনসংখ্যা তহবিল ও শরণার্থী বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ইউএনএইচসিআর) পাঁচটি ভিন্ন ভিন্ন প্রকল্প বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। যুক্তরাজ্য সরকারের কাছ থেকে জরুরি জীবনরক্ষা সহায়তাবাবদ প্রায় ৬৪ লাখ ৬৮ হাজার ডলার সমপরিমাণ অনুদান পাওয়া যাবে। ইউনিসেফ, এসিএফ, ইউএনএইচসিআর, আইওএম ও ডব্লিউএফপির মাধ্যমে এ অনুদান ব্যয় করা হবে। ডব্লিউএফপির একটি প্রকল্পে নেদারল্যান্ডস সরকার অনুদান দিচ্ছে প্রায় ৬ লাখ ১ হাজার ডলার। ডেনমার্ক সরকারের কাছ থেকে অনুদানবাবদ পাওয়া প্রায় ৮১ হাজার ডলারের একটি তহবিল সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে ব্যয় করতে যাচ্ছে জাতিসংঘ।
এছাড়া জাতিসংঘের নিজস্ব কেন্দ্রীয় জরুরি তহবিল থেকে ব্যয় করা হবে প্রায় ৬৩ লাখ ৯ হাজার ডলার। জাতিসংঘের শিশু তহবিল, জনসংখ্যা তহবিল ডব্লিউএফপি, আইওএম ও ইউএনএইচসিআরের নয়টি ভিন্ন ভিন্ন প্রকল্পের মাধ্যমে এ অর্থ ব্যয় করা হচ্ছে।
ইউএনওসিএইচএর ফিন্যান্সিয়াল ট্র্যাকিং সার্ভিস সূত্রে জানা যায়, জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থাসহ সেভ দ্য চিলড্রেনের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের আওতায় এ অনুদানের অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডসের সরকার থেকে পাওয়া অনুদান ছাড়াও জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তহবিল (সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড) থেকে এ তহবিল সংগ্রহ করা হচ্ছে।
আইএসসিজির সিচুয়েশন রিপোর্ট অনুযায়ী, শরণার্থীদের বিভিন্ন ক্যাম্প ও অবস্থানে প্রয়োজনমতো সহযোগিতা পৌঁছানোর ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অপ্রতুল সড়ক যোগাযোগ ব্যবস্থা। এর মধ্যে উচিপ্রাং ও বালুখালীতে সড়ক মেরামতের কাজ চললেও ভারি বর্ষণের কারণে কাজের অগ্রগতি ধীর হয়ে পড়েছে।
অন্যদিকে স্থানীয় অংশীদারের সংখ্যা অনেক কম হওয়ায় সংস্থাগুলোর সহায়তা কার্যক্রমেও গতি আসছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, শরণার্থী শিবিরগুলো বড়, ছোট বা অ্যাডহক ভিত্তিতে— যতটুকুই সহায়তা দেয়া হোক না কেন, এগুলোর মধ্যে কোনো ধরনের সমন্বয় দেখা যাচ্ছে না। ফলে নিরাপত্তা সংকট দেখা দেয়ার পাশাপাশি সড়কগুলোতে চলাফেরার পথও সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে শরণার্থীদের মধ্যে অনেকেই এখন আরো নিরাপদ ও যথাযোগ্য বাসস্থানের খোঁজে অবস্থান পরিবর্তন করছে, যা সার্বিক সহযোগিতা কার্যক্রমের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সার্বিক সমন্বয় কার্যক্রম এবং তথ্য ব্যবস্থাপনা ও সেবাসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতের সক্ষমতা বাড়ানোর প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়া মানবিক সহায়তাসংক্রান্ত সব ধরনের তথ্য সংশ্লিষ্ট সবার সঙ্গে দ্রুত ও বিস্তৃত আকারে পৌঁছে যাওয়াটাও এখন জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে নবাগতদের প্রাপ্য সব ধরনের সেবা সম্পর্কে ধারণা দেয়ার জন্য বেশকিছু তথ্যকেন্দ্র স্থাপনও প্রয়োজন।
সিচুয়েশন রিপোর্টে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বলা হয়, সহায়তাকর্মী ও সংস্থাগুলো বর্তমানে শরণার্থীদের খাদ্য, আবাসন, পানি, শৌচাগারসহ জরুরি মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি মানসিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষাসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। কিন্তু এর পরও সংশ্লিষ্ট সব খাতেই ঘাটতি থেকে যাচ্ছে, যা অবিলম্বে পূরণ করা প্রয়োজন।
প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সেক্ষেত্রে শরণার্থী শিবিরগুলোর সবচেয়ে ঘনবসতিপূর্ণ জায়গায় রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
