চিনির বদলে ইথানল উৎপাদনে আগ্রহী ব্রাজিল




বরাবরই চিনি উৎপাদনকারী ও রফতানিকারকদের তালিকায় লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের অবস্থান শীর্ষে। তবে বেশ কিছুদিন ধরে চিনি উৎপাদনে আগ্রহ হারাচ্ছে এই অঞ্চলের কৃষকরা।
দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোয় আখ ও চিনি উৎপাদন বেশি হয়। দেশটির আখ ও চিনি উৎপাদনের ৯০ শতাংশই এ অঞ্চল থেকে আসে। চলতি মৌসুমে এ অঞ্চলের আখচাষী ও চিনি উৎপাদনকারীরা আখ ব্যবহার করে ইথানল উৎপাদনে আগ্রহী হয়ে উঠেছেন।
মূলত চিনির বদলে ইথানল উৎপাদনে লাভ বেশি হওয়ায় তাদের মধ্যে এ প্রবণতা দেখা যাচ্ছে। এর জের ধরে দেশটির এ অঞ্চলে চিনি উৎপাদন আগের মৌসুমের তুলনায় কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে ব্রাজিলের পণ্যবাজার-বিষয়ক তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান কিংসম্যান।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশটির এ অঞ্চলে আখ ব্যবহার করে চিনি উৎপাদনের পরিমাণ প্রতি বছরই গড়ে ২১ লাখ টন করে কমছে। ২০১৫-১৬ মৌসুমে পণ্যটির মোট উৎপাদন ৩ কোটি ১২ লাখ ২০ হাজার টনে নেমে আসে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বনিম্ন। ২০১৮-১৯ মৌসুমে এ অঞ্চলে ৩ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টন চিনি উৎপাদন হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মৌসুমে এ অঞ্চলে খরা পরিস্থিতি বিরাজ করায় আখ উৎপাদন ৫৭ কোটি ৫০ লাখ টন কমতে পারে। ইথানল উৎপাদন অর্থনৈতিকভাবে বেশি লাভজনক হওয়ায় চিনি উৎপাদনে আখ ব্যবহারের পরিমাণ আগের মৌসুমের তুলনায় সর্বোচ্চ ৪৬ দশমিক ৩ শতাংশ কমতে পারে। এ কারণে ব্রাজিলের চিনি উৎপাদন কমে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ২০১৮-১৯ মৌসুমে দেশটির এ অঞ্চলে চিনি উৎপাদন ২ লাখ ৫০ হাজার টন কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।