আর বেশি দিন টিকবে না উত্তর কোরিয়া: ট্রাম্প




জাতিসংঘের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইয়ং হো-হুঁশিয়ারির পর চুপ করে রইলেন না ডোনাল্ড ট্রাম্পও। উত্তর কোরিয়া আর বেশি দিন টিকবে না বলে স্পষ্ট হুমকি দিয়েছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রীর কথা শুনেছি। উনিও ‘লিটল রকেটম্যান’-এর চিন্তাভাবনাকে প্রতিধ্বনিত করার চেষ্টা করছেন। এ ধরনের চেষ্টা চালালে ‘আর বেশি দিন টিকতে হবে না উত্তর কোরিয়াকে।’
এদিকে গত শুক্রবারই জাতিসংঘের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ‘বেশি বাড়াবাড়ি’ করলে কিমের দেশকে এর পর আরও কঠিন অবরোধের মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছিল আমেরিকা। ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে কিম বলেন, মানসিক বিকারগ্রস্ত ট্রাম্পকে কী ভাবে বাগে আনতে হয় তা উত্তর কোরিয়ার জানা আছে। সেই ‘উপায়’ও বলে দেন কিম। আগুন দিয়েই নাকি ট্রাম্পকে বশে আনবে উত্তর কোরিয়া। ট্রাম্পও পাল্টা কিমকে কটাক্ষ করে ‘লিটল রকেটম্যান’ বলেন। সেই সঙ্গে বলেন, আত্মহত্যার পথে হাঁটছেন কিম।
তাঁদের নেতাকে ‘লিটল রকেটম্যান’ বলে ‘অপমান’ করায় ট্রাম্পকে পাল্টা উত্তরও দেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইওং হো। রাষ্ট্রপুঞ্জে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন, আমেরিকাই তাঁদের নিজেদের বিপদ ডেকে আনছে। আমেরিকা যদি উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারে, তা হলে তারাও চুপ করে বসে থাকবে না। তাঁদের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা মার্কিন ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। সেই সঙ্গে তাঁর কথা, আমেরিকাই হামলার পথ অনিবার্য করে তুলছে।