মার্কিন যুদ্ধবিমানে গুলি করার অধিকার আমাদের আছে: উত্তর কোরিয়া




দিন দিন বেড়েই চলছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা। এরই ফলশ্রুতিতে এবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার দেশের বিরুদ্ধে ঘোষণা করেছেন, সুতরাং মার্কিন বোমারু বিমানে গুলি করার অধিকার রয়েছে তাদের।

আজ সোমবার উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উত্তর কোরিয়ার মন্ত্রী বলেন, ‘ মার্কিন যুদ্ধ বিমান যদি উত্তর কোরিয়ার আকাশ সীমার বাইরেও থাকে তাহলেও সেগুলোকে হুমকি হিসাবে বিবেচনা করা হবে। সারা বিশ্ব এটাই দেখবে যে যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে।’
গত কদিন ধরে প্রেসিডেন্ট ট্রাম্প এবং কিম জং আনের সরকারের মধ্যে অব্যাহত বাকযুদ্ধের মাঝে রোববার কোরীয় উপদ্বীপের কাছে অত্যাধুনিক মার্কিন যুদ্ধ বিমানের টহল দেওয়ার ছবি পেন্টাগনের সূত্রে সংবাদমাধ্যমে ছাপা হয়। এই প্রেক্ষাপটেই উত্তর কোরিয়ার কাছ থেকে সোমবার এই হুমকি দেয়া হলো।
তবে দুই দেশের মধ্যে এখনই যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা নাকচ করছেন অধিকাংশ পর্যবেক্ষক।
এদিকে গত শুক্রবারই জাতিসংঘের সাধারণ সভার মঞ্চে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর কথা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ‘বেশি বাড়াবাড়ি’ করলে কিমের দেশকে এর পর আরও কঠিন অবরোধের মুখোমুখি হতে হবে বলেও হুমকি দিয়েছিল আমেরিকা। ট্রাম্পের সেই হুঁশিয়ারিকে পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে কিম বলেন, মানসিক বিকারগ্রস্ত ট্রাম্পকে কী ভাবে বাগে আনতে হয় তা উত্তর কোরিয়ার জানা আছে। সেই ‘উপায়’ও বলে দেন কিম। আগুন দিয়েই নাকি ট্রাম্পকে বশে আনবে উত্তর কোরিয়া। ট্রাম্পও পাল্টা কিমকে কটাক্ষ করে ‘লিটল রকেটম্যান’ বলেন। সেই সঙ্গে বলেন, আত্মহত্যার পথে হাঁটছেন কিম।
তাঁদের নেতাকে ‘লিটল রকেটম্যান’ বলে ‘অপমান’ করায় ট্রাম্পকে পাল্টা উত্তরও দেন উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী রি ইওং হো। রাষ্ট্রপুঞ্জে গিয়ে তিনি হুঁশিয়ারি দেন, আমেরিকাই তাঁদের নিজেদের বিপদ ডেকে আনছে। আমেরিকা যদি উত্তর কোরিয়াকে উড়িয়ে দেওয়ার হুমকি দিতে পারে, তা হলে তারাও চুপ করে বসে থাকবে না। তাঁদের হাতে যে ক্ষেপণাস্ত্র রয়েছে তা মার্কিন ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। সেই সঙ্গে তাঁর কথা, আমেরিকাই হামলার পথ অনিবার্য করে তুলছে।