মিয়ানমার গণহত্যা চালাচ্ছে: এরদোয়ান




তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোহিঙ্গাদের ওপর সহিংসতার জন্য মিয়ানমার সরকারের বিরুদ্ধে অবরোধ আরোপে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। এক ভাষণে এরদোয়ান বলেন, ‘সেখানে পরিষ্কার গণহত্যা চলছে।’
আজ সোমবার ইস্তাম্বুলে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ‘সন্ত্রাস’ উসকে দিয়েছে।
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে এরদোয়ান বরাবরই উচ্চকণ্ঠ। তিনি এবারও ইয়াঙ্গুন সরকার রাখাইন রাজ্যের জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন।
গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে বলে দেশটির পক্ষ থেকে জানানো হয়। এরপর থেকেই রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান চলে। রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। দমন-পীড়ন চলে তাদের ওপর। সহিংসতা থেকে বাঁচতে মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকে।
২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত প্রায় সোয়া চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘ সময় নীরব থাকার পর টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন সু চি। তাতেও তিনি মিথ্যাচার করেন বলে অভিযোগ রয়েছে আন্তর্জাতিক মহলে।