রাখাইনে জাতিসংঘের সফর বাতিল করে দিয়েছে মিয়ানমার




মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের একটি নির্ধারিত সফর মিয়ানমার সরকার হঠাৎ করেই বাতিল করে দিয়েছে। ইঙ্গাঙ্গুনে অবস্থানরত জাতিসংঘ মুখপাত্র জানিয়েছেন, মিয়ানমার সরকার এই সফর বাতিল করার পেছনে কোন কারণ দেখায়নি।

রোহিঙ্গা মুসলমানরা কেন পালাতে বাধ্য হয়েছে সেটা রাখাইনে গিয়ে তদন্ত করার জন্য জাতিসংঘ মিয়ানমারের ওপর চাপ দিয়ে আসছিল। মাসখানেক আগে মিয়ানমারে সামরিক বাহিনী অভিযান শুরু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান এবং হিন্দু ঘরবাড়ি ছেড়ে রাখাইন রাজ্যে ভেতরেই সাময়িক আশ্রয়ে রয়েছে।
মিয়ানমারে কর্মরত একটি ত্রাণ সংস্থা ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির প্রধান এবং সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বলেছেন, যে সব দেশ বর্মী সেনাবাহিনীকে সমর্থন দেয় তাদের উচিত রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের জন্য তাদের প্রভাবকে কাজে লাগানো। এ সমর্থনকে মানবাধিকার লংঘনের কাজে ব্যবহার করা চলে না।
এদিকে মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের বৈঠক আজ। এই বৈঠকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিনিও গুতেরেস বক্তব্য তুলে ধরবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিরসনে যে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন, তার ভিত্তিতেই নিরাপত্তা পরিষদে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।
তবে বাংলাদেশ নিরাপত্তা পরিষদের সদস্য না হওয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সেখানে সরকারের বক্তব্য তুলে ধরবেন। এর আগে, মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন পরিষদের সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি রাখাইন সমস্যা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে রাখাইনে জাতিগত নিধনের নিন্দা জানিয়ে রাখাইন সঙ্কট সমাধানে নিরাপত্তা পরিষদকে কঠোর ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয় ফ্রান্স ও ব্রিটেন।