মোহাইমেনুল ইসলাম নিয়ন
রাস্তা পার হতে গিয়ে দেখা হয় তাদের। জন এবং তানুস্কা! তানুস্কা অন্ধ। জনের তরফ থেকে ব্যাপারটা লাভ অ্যাট ফার্স্ট সাইট। জন প্রথমে বন্ধুর ছদ্মবেশে এগোতে থাকে।
এতেও কম বেগ পেতে হয় না তাকে। কারণ তানুস্কা দৃষ্টি প্রতিবন্ধী হলেও অসম্ভব ব্যক্তিত্ব তার। যদিও জনের অস্থির আচরণের কাছে শেষপর্যন্ত হার মানে সে। বন্ধুত্বের হাত বাড়ায়। এদিকে একমাত্র ছেলে অন্ধ মেয়ের প্রেমে পড়েছে জেনে কষ্ট পান বাবা। কিন্তু মা হারা ছেলের জেদের কাছে পরাস্থ হয়ে বাবা যখন রাজি হন সম্পর্কটা মেনে নিতে। ঠিক তখনই জানা যায় এক বিপজ্জনক তথ্য যা কিনা স্তব্ধ করে দেয় সবাইকে।

নয়েজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং সুস্ময় সুমনের পরিচালনায় ‘দুজনে’ নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন সুস্ময় সুমন ও মোহাই মেনুল ইসলাম নিয়ন। নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সালহা খানম নাদিয়া, মাসুম বাসার এবং মিলি বাসার। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে দেখানো হবে।
