কাতালুনিয়া, স্পেনের একটি অঙ্গরাজ্য। দীর্ঘদিন ধরেই এই অঙ্গরাজ্যটি স্বাধীনতা পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই চেষ্টায় বিভিন্ন পদক্ষেপও গ্রহণ করছে তারা। আর যদি কাতালুনিয়া স্বাধীনতা পেয়ে যায়, তবে লা লিগা ছাড়তে হবে বার্সেলোনাকে। বার্সেলোনার সাথে ইস্প্যানিয়ল ও জিরোনাকেও ছাড়তে হবে লা লিগা।
কেননা, স্প্যানিশ আইন অনুসারে দেশটির বহির্ভূত কোনো ক্লাব তাদের কোনো ক্রীড়া আসরে অংশগ্রহণ করতে পারবে না। আর তাই কাতালুনিয়া স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করলে স্পেনের সাথে কোনো সম্পর্ক থাকবে না। ফলে, ক্যাম্প ন্যু সম্রাট বার্সেলোনাসহ কাতালুনিয়ার কোনো দলের সুযোগ থাকবে না লা লিগায় অংশগ্রহণ করার।
তাহলে কোথায় যাবে বার্সেলোনা? কাতালুনিয়া অঙ্গরাজ্যের ক্রীড়া মন্ত্রী জানান যে, যদি নিশ্চিতভাবেই কাতালুনিয়ার স্বাধীনতা নিশ্চিত হয়, তখন ইংল্যান্ডের প্রিমিয়ার লীগ, ফ্রান্সের লীগ ওয়ান কিংবা ইতালির সিরি-এ তে যোগ দিতে পারে বর্তমান সময়ের অন্যতম সেরা ক্লাবটি।
কাতালুনিয়ার পক্ষ থেকে জানানো হয়, গত রবিবার নিজেদের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে পক্ষে-বিপক্ষে একটি বিশেষ গণভোটের আয়োজন করা হয়েছিল।
কিন্তু স্প্যানিশ সরকার সেই গণভোট প্রক্রিয়াকে বেআইনি বলে আখ্যায়িত করে। এমনকি ভোটের ব্যালট বাক্স পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়। স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো ঘোষণা করেন এমন কোনো ভোট আয়োজন ভবিষ্যতে আর হবে।
স্পেনের অর্থনৈতিক আয়ের প্রায় অর্ধেক আসে বার্সেলোনা তথা কাতালুনিয়া থেকে। তাই স্বভাবতই স্পেন সরকার কিছুতেই চাইবে না তাদের অর্থনৈতিক আয়ের উৎস কমিয়ে ফেলতে।
যদি সত্যিকার অর্থে কাতালুনিয়া সফল হয়, ফুটবলপ্রেমীদের জন্য তা অবশ্যই ক্ষতির কারণ। শতবর্ষের ঐতিহ্য এল ক্লাসিকো যে এখানেই হয়। প্রতি বছর দুইবার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের ইতিহাস-ঐতিহ্যের লড়াই, ফুটবল মাঠকে আকর্ষণের কেন্দ্রে পরিণত করা ফুটবল শৈলী আর দেখা যাবে না। তাই ফুটবলপ্রেমীরা একটু চিন্তিত হতেই পারেন।
সূত্র : গোল ডট কম
